গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের লাইনচ্যুত ৩ বগি উদ্ধার

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৩:০১ পিএম

ময়মসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন এলাকায় চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত তিনটি বগিই উদ্ধার করা হয়েছে। রেললাইন মেরামতের কাজ চলছে।

ময়মনসিংহ স্টেশনের আরএনবির হাবিলদার গোলাম মওলা জানিয়েছেন, বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে শেষ বগিটিও উদ্ধার হয়।

তিনি বলেন, কম্পিউটারভিত্তিক রিলে ইন্টারলকিং সিস্টেমের ত্রুটির কারণে লাইন ক্লিয়ার না হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রিলিফ ট্রেন ও উদ্ধারকারী দল রাতভর উদ্ধার অভিযান চালিয়েছে।বর্তমানে লাইনচ্যুত তিনটি বগিই উদ্ধার করা হয়েছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, রেললাইন মেরামতের কাজ চলছে। মেরামত শেষে সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তাছাড়া দুর্ঘটনাকবলিত স্থানে দ্রুত লাইন মেরামত ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রকৌশল বিভাগের কর্মীরা কাজ করছেন। যত দ্রুত সম্ভব পুরো রেলপথ সম্পূর্ণ ঝুঁকিমুক্ত করা হবে।

বুধবার (২৪ জুন) রাত প্রায় ১০টা ৫০মিনিটে ট্রেনটি গৌরীপুর স্টেশন থেকে ছেড়ে এসে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরুর পর বিজয় এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

সূত্র: বাসস  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত