ভয়াবহ দুই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়ায় দ্রুত উদ্ধারকারী দল, চিকিৎসা সহায়তা এবং মানবিক ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার (২৫ জুন) এ তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় রুবিও বলেন, 'এই কঠিন সময়ে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার জনগণের পাশে রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পররাষ্ট্র দপ্তর অবিলম্বে অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসা সামগ্রী এবং মানবিক সহায়তা ভেনেজুয়ায় পাঠাচ্ছে।'
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ঘোষণা দেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়াকে সহায়তা দিতে ওয়াশিংটন প্রস্তুত রয়েছে।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, 'ভেনেজুয়েলার জনগণের ওপর আঘাত হানা দুটি বড় ভূমিকম্প অত্যন্ত শক্তিশালী ছিল এবং এতে বিপুল প্রাণহানি ঘটেছে।'
তিনি আরও বলেন, 'যুক্তরাষ্ট্র সহায়তা দিতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম।'
ট্রাম্প জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সরকারের সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।
তিনি লিখেছেন, 'আমি আমাদের সরকারের সব সংস্থাকে দ্রুত কার্যক্রম শুরু করার জন্য প্রস্তুত হতে নির্দেশ দিয়েছি। আমরা আমাদের নতুন ও মহান বন্ধুদের পাশে থাকব।'
এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পে ভেনেজুয়ায় এখন পর্যন্ত অন্তত ৩২ জন নিহত এবং ৭০০ জনের বেশি আহত হয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।