কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন থেকে প্রায় ১ কোটি ৩১ লাখ ২৮ হাজার ৭৫৪ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
বৃহস্পতিবার (২৫ জুন) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল বুধবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান-এর উপস্থিতিতে বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।
বিকাল সাড়ে ৪টার দিকে রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন প্রকার ভারতীয় বাজি, কসমেটিকস সামগ্রী ও বাসমতি চাল জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩১ লাখ ২৮ হাজার ৭৫৪ টাকা।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মালামালের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।