শাহীন শওকত

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৮:০৫ এএম

রাত্রির অতল সরোবরে

নিস্তরঙ্গ নদীতীরে বইছে যে বাতাস আজ মুখরিত বৃষ্টিদিনে তার অন্ধ বিলাপের সুর নিস্তেজ নদীর জলে মৃদু ঢেউ তুলে ছুটে আসে বিপর্যস্ত লোকালয়ে, আততায়ী অন্ধকারে, অভিশপ্ত শহরের বন্ধ জানালায়। এই হিম হিম ঠান্ডা হাওয়ায় বিষন্ন হিজল বনে ঝরে পড়া নিথর ফুলের গন্ধ চিরকাল বয়ে গেছে শরৎ ঋতুর দিকে—সাদা মেঘে। মানুষের স্মৃতির ভেতর যদিও থাকে ঘন কালো মেঘ, নিরাকার বর্ষাকাল, চিরন্তন বাদলের দিন।

চতুর্দিকে আজ অলৌকিক অন্ধকার আর গর্জন, মেঘের। এই বর্ষণমুখর দিনমান সন্ধ্যারাত্রি—আমি বজ্রাহত ডুবে থাকি নৈঃশব্দ্যের হাহাকারে। আমার ভেতর জমে ওঠে জল আদিগন্ত শত শত পূর্ণ জলাধার, আমার বিমূর্ত ছায়া কম্পমান, ভেঙে পড়ে রাত্রির অতল সরোবরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত