শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠন

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৪:২৭ পিএম

সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারের দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন ও মাজার কর্তৃপক্ষের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (২৬ জুন) সিলেট জেলা সার্কিট হাউজে আয়োজিত একটি সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, দরগাহর উন্নয়ন, দানের অর্থ ব্যবস্থাপনা এবং সামগ্রিক কার্যক্রমে একটি যৌক্তিক ও স্বচ্ছ সমাধানে পৌঁছাতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। এ বিষয়ে সবাই ঐকমত্যে পৌঁছেছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, বিভাগীয় ও জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, সিলেট সিটি করপোরেশন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ এবং দরগাহ, মসজিদ ও মাদরাসার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটি আগামী এক মাসের মধ্যে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করবে।

মন্ত্রী আরও বলেন, পুরো প্রক্রিয়ার মূল লক্ষ্য হলো আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা। আপাতত বিদ্যমান নিয়ম অনুযায়ী দানের অর্থ গণনা করে তা ব্যাংক হিসাবেই জমা রাখা হবে।

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপিকে প্রধান করে গঠিত এই কমিটির অন্য সদস্যরা হলেন- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেট মহানগর পুলিশের কমিশনার, জেলা পরিষদের প্রশাসক, মাজারের মোতোয়াল্লি পরিবারের দুজন সদস্য, মাজার মাদ্রাসা ও মসজিদের দুজন প্রতিনিধি। কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সিলেটের জেলা প্রশাসক।

এর আগে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকে হযরত শাহজালাল (র.) মাজারের ঐতিহ্য, ব্যবস্থাপনা কাঠামো এবং উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর ও গ্রহণযোগ্য করার বিষয়েও আলোচনা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত