মাদকবিরোধী মানববন্ধনে হামলা

কুমিল্লায় গুলিবিদ্ধ স্কুলছাত্র ঢামেকে, এখনো বের হয়নি গুলি

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৬:০৯ পিএম

কুমিল্লা নগরীতে মাদকবিরোধী মানববন্ধনে দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথান আহমেদ প্রেমের (১২) শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে মুঠোফোনে এই তথ্য নিশ্চিত করেছেন প্রেমের বাবা ইউনুস মিয়া। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়। রাতে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হলেও চিকিৎসকেরা গুলি বের করতে পারেননি। বড় সার্জন এলে অস্ত্রোপচার করা হবে বলে চিকিৎসকেরা তাদের জানিয়েছেন।

এদিকে, এই ঘটনায় গতকাল গভীর রাতে প্রেমের বাবা ইউনুছ মিয়া বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় ১২ জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। এর মধ্যে ৬ জনের নাম উল্লেখ এবং বাকি ৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে শ্রাবণ নামের একজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে গত বুধবার রাতে কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় 'অপু গ্রুপ' ও 'সাব্বির গ্রুপ'-এর মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরই প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুরে কাঁটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও কাটাবিল প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় ‘নাগরিক কমিটি’র উদ্যোগে একটি মাদকবিরোধী মানববন্ধন আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে হঠাৎ একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে অংশগ্রহণকারীদের বাড়িঘরে হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। এ সময় টিফিনের বিরতিতে স্কুল থেকে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয় ষষ্ঠ শ্রেণির ছাত্র ইথান আহমেদ প্রেম। হামলায় স্কুলশিক্ষার্থীসহ অন্তত সাতজন আহত হন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান বলেন, গুলিটি ওই ছেলের ফুসফুস পর্যন্ত আঘাত করেছে। অবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিই।

ছেলের শয্যাপাশে কান্নায় ভেঙে পড়ে প্রেমের মা সোনিয়া আক্তার বলেন, আমার একমাত্র ছেলেটা টিফিনের বিরতিতে বাসায় আসার পথে গুলিবিদ্ধ হলো। ছোট্ট এই শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছে, ছেলেটার খুব কষ্ট হচ্ছে। তাকে ছাড়া আমি বাঁচব না। প্রেমের বাবা ইউনুস মিয়া কুমিল্লা নগরীর সিটি পার্কের একটি রাইডের কর্মচারী।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, গুলিবিদ্ধ স্কুলছাত্রের পরিবারকে সমবেদনা জানাতে গিয়েছিলাম। জনপ্রতিনিধি হিসেবে আমি এবং আইনশৃঙ্খলা বাহিনী এই ঘটনার দায় এড়াতে পারি না। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে রাতেই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জরুরি সভা করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, মামলার পর পুলিশ অভিযান চালিয়ে শ্রাবণ নামের একজনকে আটক করেছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত