কৃষি থাপান্ডার বাসায় ব্যবসায়ীর মরদেহ, চলছে তদন্ত

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৩:২২ পিএম

 ‘বিগ বস কন্নড়’ খ্যাত অভিনেত্রী কৃষি থাপান্ডার ব্যাঙ্গালোরের ফ্ল্যাট থেকে বৈশাখ নামের এক তরুণ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন এবং দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভির বরাতে এই তথ্য জানা গেছে। 

তবে ঘটনার সময় অভিনেত্রী কৃষি থাপান্ডা নিজে ওই ফ্ল্যাটে ছিলেন না, তিনি ইয়েলাহাঙ্কায় অবস্থান করছিলেন। পুলিশ জানিয়েছে, মৃত বৈশাখ গত এক সপ্তাহ ধরে অভিনেত্রীর ওই ফ্ল্যাটেই থাকছিলেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্ল্যাট থেকে কোনো সুইসাইড নোট বা চিরকুট উদ্ধার করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। 

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যবসায়ী বৈশাখ বেশ কিছুদিন ধরে পারিবারিক ও ব্যক্তিগত সমস্যায় ভুগছিলেন এবং মানসিক অবসাদের জন্য চিকিৎসাও নিচ্ছিলেন। স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় গত প্রায় এক মাস ধরে তারা আলাদা থাকছিলেন। 

এর আগে গত ফেব্রুয়ারি মাসে বেঙ্গালুরুর এক নামী আইনজীবী ও ব্যবসায়ী অরবিন্দ রেড্ডিকে হুমকি দিয়ে চিঠি পাঠানো এবং ৬-৭ কোটি টাকা চাঁদা দাবি করার একটি হাই-প্রোফাইল মামলায় বৈশাখের নাম জড়িয়েছিল। ওই ঘটনায় এইচএএল থানার পুলিশ বৈশাখকে গ্রেফতার করে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল। পুলিশের দাবি ছিল, এক নারীর সঙ্গে বিরোধের জেরে তিনি ওই হুমকি দিয়েছিলেন। পরে অবশ্য তিনি জামিনে মুক্তি পান। 

৬ ফেব্রুয়ারি কর্ণাটক হাইকোর্ট বৈশাখের বিরুদ্ধে চলা ওই মামলার পরবর্তী তদন্তের ওপর স্থগিতাদেশ জারি করেছিল। এই মৃত্যুর ঘটনায় বৈশাখের পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানা গেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত