শুভ জন্মদিন ফেরদৌসী ও ত্রপা মজুমদার

মায়ের ৮৪, মেয়ের ৫৪

আপডেট : ১৮ জুন ২০২৬, ০১:০৬ পিএম

মঞ্চসম্রাজ্ঞী’খ্যাত নাটক ও চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি ফেরদৌসী মজুমদার আজ স্পর্শ করলেন জীবনের ৮৪তম বসন্ত।  নন্দিত এই অভিনেত্রীর সঙ্গে একই দিনে তার কন্যা শোবিজের আলোকিত মুখ ত্রপা মজুমদারেরও জন্মদিন ১৮ জুন। অর্থাৎ মা-মেয়ের জন্মদিন আজ। 

মুনীর চৌধুরীর উৎসাহ আর সহযোগিতায় মঞ্চনাটকে আসেন ফেরদৌসী মজুমদার। ভাইয়ের লেখা ‘একতলা দোতলা’ দিয়েই টেলিভিশন নাটকে অভিষেক তার। এরপর মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র মিলিয়ে এক অনিন্দ্য পথচলা। হয়ে উঠেছেন কিংবদন্তি। পেয়েছেন একুশে পদক, স্বাধীনতা পুরস্কারসহ অসংখ্য সম্মাননা। ১৯৪৩ সালের আজকের দিনে বরিশালে জন্ম ফেরদৌসী মজুমদারের। 

 যদিও তার পৈতৃক নিবাস নোয়াখালীতে। আর বেড়ে উঠেছেন ঢাকায়। ১৪ ভাই-বোনের বিশাল পরিবারে তার বেড়ে ওঠা। এর মধ্যে বড় ভাই শিক্ষাবিদ কবীর চৌধুরী এবং মেজ ভাই শহীদ মুনীর চৌধুরী। রক্ষণশীল পরিবার হলেও ভাই এবং পরে স্বামী রামেন্দু মজুমদারের সান্নিধ্যে সংস্কৃতির আলোয় আসেন তিনি। 

অন্যদিকে ফেরদৌসী মজুমদার ও রামেন্দু মজুমদার দম্পতির একমাত্র সন্তান ত্রপা মজুমদার আজ পা রাখলেন ৫৪ বছরে। ১৯৭৩ সালের আজকের দিনে জন্ম নেন তিনি। বাবা-মায়ের পথ ধরে মঞ্চের আলোয় আসেন ত্রপা। এরপর টিভি নাটক ও চলচ্চিত্রেও নিজের অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন তিনি। এখনো মঞ্চ-অন্তঃপ্রাণ হয়ে চলছেন এ অভিনেত্রী। প্রতিবারের মতো এবারও পরিবারের সঙ্গেই দিন আনন্দঘন পরিবেশে কাটাবেন বলে জানান তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত