বাউফলে বিএন‌পির মি‌ছি‌লে ছাত্রলীগ ও শি‌বিরের হামলা, আহত ১৫

আপডেট : ২৮ জুন ২০২৬, ০২:১৭ এএম

পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির মিছিলে অতর্কিতে হামলার অভিযোগ পাওয়া গেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও ছাত্রশি‌বি‌রের নেতাকর্মীদের বিরুদ্ধে। ওই সময় যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের অন্তত ১৫ নেতাকর্মী আহত হ‌য়ে‌ছেন। 

শনিবার (২৭ জুন) রাত ৮টার দি‌কে উপ‌জেলার কালাইয়া বাসস্ট্যান্ড এলাকায় ওই হামলার ঘটনা ঘ‌টে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালাইয়া নাজিরপুর সংযোগ সেতু ডালিমা ব্রিজের উপর থেকে বিএনপি নেতা হাজী পলাশের নেত্বত্বে অর্ধশত মোটরসাইকেল নিয়ে কালাইয়া বাজার প্রদক্ষিণ শেষে উপ‌জেলা সদর বাউফল অভিমুখে যাত্রা শুরু ক‌রেন।

মিছিলটি কালাইয়া দাসপাড়া বাসস্টান্ড এলাকায় পৌঁছ‌লে দাসপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ‌মো. রাব্বির নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি সঙ্ঘবদ্ধ দল মি‌ছি‌লে হামলা চালায়।

হামলায় উপজেলা  শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাওসার মাহমুদ, দাসপাড়া ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমিন, দাসপাড়া ইউপির ওলামাদলের সাংগঠনিক সম্পাদক মো. মাকসুদুর রহমান মাসুদ, যুবদল নেতা মো. হোসাইন ইসলাম বাবু ও হোন্ডা চালক বায়জিদসহ অন্তত ১৫জন আহত হন। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দাসপাড়া ইউনিয়ন যু্বদলের সদস্য সচিব সাইফুল ইসলাম ফিরোজ জানান, প্রথমে যুবলীগ নেতা হেলাল ও দুলাল দাসপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধার উপর হামলা চালায়।

তিনি আরও জানান, পরে দাসপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাব্বী, রিফাত, রিপ্পী, কালাইয়া ইউনিয়ন ছাত্রশি‌বি‌রের সভাপ‌তি ইমরান, শাকিল, ইমতিয়াজ, সিজান ও  উজ্জ্বলের নেত্বত্বে বিএনপি অঙ্গসহযোগী নেতাকর্মীদের উপর হামলা চালায়। তারা হামলা করে ২০টি মোটরসাইকেল ভাঙচুর করে রাস্তার পাশে ফেলে দেয়। 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সিরাজুল ইসলাম ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। দো‌ষি‌দের বিরু‌দ্ধে ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত