ফেনীর ফুলগাজীতে একটি কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে ফেনী-বিলোনিয়া আঞ্চলিক সড়কের ফুলগাজী উপজেলা সংলগ্ন কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুরগিবাহী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে সিএনজিতে থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তামজিদ আহতদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের আবুল কালামের ছেলে মো. কাউসার (২৬) এবং আনন্দপুর ইউনিয়নের মজুমদার গ্রামের নুরুস সাফার মেয়ে ওয়াহিদা আক্তার জুহা (২০)।
পরে গুরুতর আহত অপর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে জাকিয়া আক্তার (৪০) হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তিনি নিহত ওয়াহিদা আক্তার জুহার মা।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাকিয়া আক্তার ও তার মেয়ে ওয়াহিদা আক্তার জুহা ফুলগাজীর উত্তর দৌলতপুর এলাকায় এক অসুস্থ আত্মীয়কে দেখতে এসেছিলেন। সেখান থেকে নিজ বাড়ি আনন্দপুরে ফেরার পথে তারা মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার শিকার হন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে জাকিয়া আক্তার ফেনী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বর্তমানে আহত অপর দুইজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।