নড়াইলের কালিয়া উপজেলায় ঘুড়ি উড়াতে গিয়ে সুতা কেটে যাওয়ার পর সেটি খুঁজতে গিয়ে হুসাইন (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার নওয়াগ্রাম দক্ষিণপাড়ার একটি বিলে এ ঘটনা ঘটে।
নিহত হুসাইন ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী সাবু শেখের ছেলে এবং স্থানীয় শাহবাগ ইউনাইটেড একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র। ছেলের মৃত্যুর খবর পেয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন তার বাবা।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, শনিবার বিকেলে হুসাইনসহ চার বন্ধু বাড়ির পাশে ফুটবল খেলছিল। একপর্যায়ে হুসাইন স্থানীয় একটি দোকান থেকে চকলেট ও কেক কিনে বিলের দিকে ঘুড়ি ওড়াতে যায়। ঘুড়ির সুতা কেটে গেলে সেটির পেছনে ছুটতে থাকে সে।
এদিকে ফুটবল খেলা শেষে তার তিন বন্ধু শাপলা তুলতে বিলে গেলে হুসাইনকে নরম মাটিতে মাথা নিচু করে পড়ে থাকতে দেখে। তারা চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পরিবারের সদস্যরা হুসাইনকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
কালিয়া থানার উপপরিদর্শক (এসআই) দিবাকর সরকার জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হুসাইনের গলায় ঘুড়ির সুতা পেঁচানো ছিল। এছাড়া শরীরে উল্লেখযোগ্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আজ রবিবার বিকেলে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এদিকে গ্রামবাসীদের অনেকের মন্তব্য, হুসাইনকে কেউ হত্যা করে ফেলে রাখতে পারে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, হুসাইনের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
সিলেটের নতুন ডিসি রেজা হাসান