প্রবাসী বাংলাদেশীদের সংযুক্ত করতে ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করলো অক্সফাম

আপডেট : ২৮ জুন ২০২৬, ১১:৪৮ পিএম

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশি জনগোষ্ঠীকে দেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সংযুক্ত করতে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ সমন্বিত সর্বপ্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ব্রিজ টু বাংলাদেশ’ অবশেষে চালু করা হয়েছে।

রবিবার (২৮ জুন)  ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে অক্সফাম ‘bridgetobd.org’ ‘ব্রিজ টু বাংলাদেশ’ ডিজিটাল প্ল্যাটফর্মটি চালু করেছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, প্রবাসী নেতা এবং সাংবাদিকরা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন বাংলাদেশে অক্সফামের একটি উদ্যোগ এই প্ল্যাটফর্মটি বিদেশে বসবাসকারী ২৪ লাখেও বেশি বাংলাদেশিকে যাচাইকৃত বাংলাদেশী সংস্থা ও ব্যক্তিদের মাধ্যমে জ্ঞান, পরামর্শ, দক্ষতা, জনস্বার্থ রক্ষা, উদ্ভাবন, জনহিতকর কাজ, বিনিয়োগ সংযোগ এবং পেশাগত দক্ষতা প্রদানে সক্ষম হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ড. নজরুল ইসলাম বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের উন্নয়নে অবদান রাখতে আগ্রহী এবং এর জন্য আস্থা ও টেকসই সম্পৃক্ততা গড়ে তোলা অপরিহার্য। তিনি আরও বলেন, সরকারের বহু প্রতীক্ষিত প্রবাসী নীতিমালা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই এটি অনুমোদিত হবে বলে আশা করা হচ্ছে।

প্রবাসীদের সাথে শক্তিশালী সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, অনেক বিনিয়োগকারী বাংলাদেশে আসছেন। কিন্তু আস্থার অভাবে তারা এখানে বিনিয়োগ করতে পারেননি। এছাড়াও, তারা ঠিকমতো সংযোগ স্থাপন করতে পারেননি এবং সরকারের বিভিন্ন সংস্থা থেকে তেমন সুবিধা বা সেবাও পাননি। তাই, স্বচ্ছতা বাড়ানোর জন্য বিধি-নিষেধ শিথিলকরণ এবং সরকারি পরিষেবার সংস্কার অপরিহার্য। তিনি বৈদেশিক মিশনগুলোর মাধ্যমে নিয়ন্ত্রক সংস্থার, অধিকতর স্বচ্ছতা এবং উন্নততর সহায়তার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোক্তার আহমেদ বলেন, এই উদ্যোগটি প্রবাসীদের সম্পৃক্ত করার ক্ষেত্রে সরকারের প্রচেষ্টাকে পরিপূরক করে এবং ভবিষ্যৎ প্রবাসী নীতিকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করতে পারে।

তিনি বলেন, একবার এই সংযোগ ভালোভাবে স্থাপিত হলে, এটি বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে।


অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে, বাংলাদেশবিষয়ক যুক্তরাজ্যের সর্বদলীয় সংসদীয় গ্রুপের চেয়ারপার্সন ও এমপি অপ্সনা বেগম বলেন, জাতীয় সংকট, মানবিক জরুরি অবস্থা এবং বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের সময় প্রবাসী বাংলাদেশিরা ধারাবাহিকভাবে দেশের পাশে দাঁড়িয়েছে।
তিনি আশা প্রকাশ করেন যে, এই প্ল্যাটফর্মটি ব্রিটিশ বাংলাদেশি এবং অন্যান্য প্রবাসী সম্প্রদায়কে বাংলাদেশের উন্নয়নে তাদের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে অবদান রাখার জন্য একটি বাস্তবসম্মত পথ করে দেবে।

অনলাইনে যোগ দিয়ে যুক্তরাজ্যের সংসদ সদস্য এবং বাংলাদেশ বিষয়ক যুক্তরাজ্যের সর্বদলীয় সংসদীয় গ্রুপের চেয়ারপার্সন অপসানা বেগম বলেন, জাতীয় সংকট, প্রাকৃতিক দুর্যোগ, মানবিক জরুরি অবস্থা এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের মুহূর্তে প্রবাসী বাংলাদেশি জনগোষ্ঠী সবসময় বাংলাদেশের পাশে থেকেছে।

ব্রিটিশ এমপি বলেন, ব্রিটিশ বাংলাদেশিরা যুক্তরাজ্যে জন্মগ্রহণ ও বেড়ে উঠেছেন। ঠিক আমার মতোই, যারা বাংলাদেশের উন্নয়ন ও নীতি নির্ধারণে অবদান রাখতে চান। তাই, আমি বিশ্বাস করি এবং আশা করি যে এই প্ল্যাটফর্মটি খুবই উপকারী হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ‘ব্রিজ টু বাংলাদেশ’ সেই পথটি দেখাতে পারে।

অক্সফাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশিস দামলের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।


এই উদ্যোগটিকে অক্সফামের প্রকল্প না বলে একটি সম্মিলিত জাতীয় রূপকল্প হিসেবে বর্ণনা করে দামলে বলেন, এই প্ল্যাটফর্মটি বাংলাদেশ সম্পর্কে বৈশ্বিক ধারণাকে নতুন রূপ দেওয়ার সম্ভাবনা রাখে-সহায়তাপ্রার্থী একটি দেশ থেকে এমন একটি দেশে পরিণত করতে পারে, যা বিশ্বে জ্ঞান, দক্ষতা এবং উদ্ভাবনে অবদান রাখে।

উপস্থিত অতিথি হিসেবে আরও ছিলেন বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর মিশন প্রধান ড. লরা টম-বন্ডে; ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ডিসিআই-এর প্রাক্তন সভাপতি সবুর খান; বাংলাদেশে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন; এবং অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির।
অনুষ্ঠানে আরও একটি উপস্থাপনা করেন অক্সফাম ইন বাংলাদেশ-এর ইনফ্লুয়েন্সিং, কমিউনিকেশনস, অ্যাডভোকেসি অ্যান্ড মিডিয়া বিভাগের প্রধান মো. শরিফুল ইসলাম, যিনি প্ল্যাটফর্মটির ধারণা থেকে শুরু করে চালু হওয়া পর্যন্ত যাত্রাপথ তুলে ধরেন। শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের আরবান ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিল শফিক, প্ল্যাটফর্মটির নকশার ভিত্তি হিসেবে ব্যবহৃত গবেষণা থেকে প্রাপ্ত অন্তর্দৃষ্টি তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্থনৈতিক অন্তর্ভুক্তি ও বিচার বিভাগের প্রধান ফাতেমা তুজ জোহুরা।

ব্রিজ টু বাংলাদেশ প্ল্যাটফর্ম: বিদেশে বসবাসকারী ২৪ লাখেরও বেশি বাংলাদেশীর আবাসস্থল হিসেবে বাংলাদেশে রয়েছে জ্ঞান, দক্ষতা এবং বৈশ্বিক নেটওয়ার্কের এক বিশাল ভান্ডার। ‘ব্রিজ টু বাংলাদেশ’ প্রবাসীদের সম্পৃক্ততাকে রেমিটেন্স-নির্ভর সম্পর্ক থেকে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই জাতীয় উন্নয়নের জন্য একটি কৌশলগত অংশীদারিত্বে রূপান্তরিত করবে।


এই প্ল্যাটফর্মটি একটি দুই বছরব্যাপী (জুন ২০২৪–জুন ২০২৬) গবেষণা প্রক্রিয়ার ফল, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল ১২টি দেশে প্রবাসী সদস্যদের নিয়ে একটি বৈশ্বিক জরিপ, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাথে পরামর্শ, বিশ্বব্যাপী ১১টি প্রবাসী সম্পৃক্ততা প্ল্যাটফর্মের বিশ্লেষণ এবং বাংলাদেশের এনজিও ও সুশীল সমাজ সংগঠনগুলোর সাথে কর্মশালা। গবেষণায় অর্থপূর্ণ প্রবাসী সম্পৃক্ততার ভিত্তি হিসেবে আস্থা, বিশ্বাসযোগ্যতা, যাচাইকরণ এবং কার্যকর সংযোগ স্থাপনকে চিহ্নিত করা হয়েছে।

বাংলাদেশ যখন স্বল্পোন্নত দেশ (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে, তখন এই প্ল্যাটফর্মটি প্রবাসী পেশাজীবীদের—যার মধ্যে শিক্ষাবিদ, উদ্যোক্তা, প্রযুক্তি বিশেষজ্ঞ, স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ এবং উদ্ভাবকরা অন্তর্ভুক্ত—রেমিটেন্সের পাশাপাশি জ্ঞান বিনিময়, পরামর্শদান, উদ্ভাবন, জনস্বার্থ রক্ষা, বিনিয়োগ সংযোগ এবং সহযোগিতার মাধ্যমে অবদান রাখার জন্য বাংলাদেশের যাচাইকৃত সংস্থাগুলোর সাথে সংযুক্ত করতে চায়।

‘ব্রিজ টু বাংলাদেশ’ প্রবাসীদের দক্ষতাকে স্থানীয় সংস্থা ও সম্প্রদায়ের চাহিদার সাথে সংযুক্ত করার জন্য যাচাইকৃত ব্যবহারকারী প্রোফাইল, স্মার্ট ম্যাচমেকিং, পরামর্শদানের সুযোগ, কমিউনিটি ফোরাম এবং প্রভাব নিরীক্ষণের সুবিধা প্রদান করে। ব্যবহারকারীরা একটি স্বচ্ছ ও সহযোগিতামূলক ইকোসিস্টেমের মাধ্যমে জ্ঞান বিনিময় করতে, পেশাদার নেটওয়ার্ক তৈরি করতে, বিভিন্ন অনুষ্ঠান ও জনহিতকর উদ্যোগে অংশগ্রহণ করতে এবং তাদের অবদানের প্রভাব নিরীক্ষণ করতে পারেন।

প্ল্যাটফর্মটি প্রবাসী সদস্য, স্থানীয় সংস্থা, প্রতিষ্ঠান এবং নেটওয়ার্কগুলোর জন্য উন্মুক্ত, যা তাদেরকে বাংলাদেশের উন্নয়নে সংযোগ স্থাপন, সহযোগিতা এবং দক্ষতা, জ্ঞান ও জনহিতকর অবদান রাখবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত