আড়াইহাজারে অভিযান, তিন প্রতিষ্ঠান মালিককে জরিমানা

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৫:৪৬ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাঘানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে শব্দদূষণ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে তিন ব্যক্তি-প্রতিষ্ঠানকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৯জুন) বেলা ২টার দিকে উপজেলার বাঘানগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫-এর ১৯ ধারায় মো. মাথুরকে (২১) ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে খান জেনারেল স্টোরের স্বত্বাধিকারী আমির আলীকে (৪০) ১ হাজার টাকা এবং একই আইনে মেসার্স আলী হোসেন ট্রেডার্সের আলী হোসেনকে (৩০) ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, জনস্বার্থে আইন লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে। ভোক্তার অধিকার সংরক্ষণ এবং পরিবেশ দূষণ রোধে সবাইকে সংশ্লিষ্ট আইন মেনে চলার আহ্বান জানান তিনি।




×
সর্বশেষ সর্বাধিক পঠিত