তিন মামলায় জামিন পেলেন সাবেক এমপি মমতাজ

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৬:০৪ পিএম

জুলাই আন্দোলনের সময়ের দুই হত্যা মামলা এবং একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছে হাইকোর্ট।

এ সংক্রান্ত বিষয়ে করা আবেদনের ওপর শুনানি নিয়ে সোমবার (২৯ জুন) হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সারা হোসেন ও আইনজীবী খায়রুন্নেসা। রাষ্ট্রপক্ষে ছিলেন সৈয়দা সাজিয়া শারমিন।

জানা গেছে, দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় মমতাজের জামিনের বিষয়ে রুল জারি হয়েছিল। চূড়ান্ত শুনানি শেষে রুল যথাযথ ঘোষণা করে জামিন দিয়েছে হাইকোর্ট।

গত বছরের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাকে কারাগারে পাঠানো হয়। তখন থেকেই তিনি কারাগারে রয়েছেন। 

লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হন। পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালে নৌকা প্রতীকে নির্বাচন করে মানিকগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত