২০২৬ ফিফা বিশ্বকাপকে ফুটবল ইতিহাসের সবচেয়ে আধুনিক এবং ‘ডেটা নির্ভর’ টুর্নামেন্ট বলা চলে। গ্রুপ পর্বের লড়াই শেষ হতেই এবার কৃত্রিম বুদ্ধিমত্তা ও পরিসংখ্যানের চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে নকআউট পর্বের শেষ ৩২-এর (রাউন্ড অব ৩২) ১৬টি ম্যাচ নিয়ে। এই ধারায় ক্রীড়া পরিসংখ্যানের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ওভল বা অপটা-র সুপারকম্পিউটার প্রায় ১০,০০০ বার সিমুলেশন (গাণিতিক বিশ্লেষণ) চালিয়ে নকআউটের ভবিষ্যদ্বাণী প্রকাশ করেছে।
সুপারকম্পিউটারের এই হিসাবে দেখা যাচ্ছে, শেষ ৩২-এর পুরো ব্র্যাকেটের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে ফেভারিট হিসেবে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির দুর্দান্ত ফর্মের ওপর ভর করে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা প্রায় ৮৯ শতাংশ, যা এই রাউন্ডের ১৬টি ম্যাচের মধ্যে সর্বোচ্চ। এর পরেই রয়েছে স্পেনের অবস্থান।
আজ রাতে ফেভারিট ব্রাজিল জাপানের মুখোমুখি হচ্ছে, যেখানে সেলেসাওদের জয়ের সম্ভাবনা ৬৮.৯৪%। জাপানের জয়ের সম্ভাবনা ৩১.০৬%।
সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, এই রাউন্ডের সবচেয়ে অননুমেয় এবং রোমাঞ্চকর ম্যাচটি হতে যাচ্ছে *মিশর বনাম অস্ট্রেলিয়া। এই দুই দলের শক্তির পার্থক্য এতটাই কম যে সুপারকম্পিউটারও নিশ্চিত করে বলতে পারছে না কারা জিতবে।
মিশরের জয়ের সম্ভাবনা: ৫৩.৫৬%
অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা: ৪৬.৪৪%
দুই দলের মধ্যে ব্যবধান মাত্র ৭ শতাংশের! আর এই ম্যাচটি আর্জেন্টিনার ভক্তদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ, আর্জেন্টিনা যদি কেপ ভার্দেকে হারাতে পারে, তবে রাউন্ড অব ১৬ (কোয়ার্টার ফাইনালের টিকিট কাটার লড়াই)-এ লিওনেল স্কালোনির দলকে মুখোমুখি হতে হবে এই মিশর বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার জয়ী দলটির বিরুদ্ধে।
সুপারকম্পিউটারের করা গাণিতিক হিসাব অনুযায়ী, শেষ ৩২-এর সব ম্যাচ যদি ভবিষ্যদ্বাণী মেনে শেষ হয়, তবে এর পরের রাউন্ডেই (রাউন্ড অব ১৬) দর্শক দেখতে পাবেন একের পর এক ‘আগাম ফাইনাল’।
একনজরে সুপারকম্পিউটারের শেষ ৩২-এর সব ম্যাচের সম্ভাবনা (শতাংশে):
আর্জেন্টিনা (৮৯.২৪%) - কেপ ভার্দে (১০.৭৬%)
স্পেন (৮৫.২২%) - অস্ট্রিয়া (১৪.৭৮%)
ইংল্যান্ড (৮৪.০৪%) - ডিআর কঙ্গো (১৫.৯৬%)
ফ্রান্স (৮১.৪৬%) - সুইডেন (১৮.৫৪%)
জার্মানি (৭৮.৫৮%) - প্যারাগুয়ে (২১.৪২%)
যুক্তরাষ্ট্র (৭৮.৪৬%) - বসনিয়া (২১.৫৪%)
কলম্বিয়া (৭১.৯১%) - ঘানা (২৮.০৯%)
ব্রাজিল (৬৮.৯৪%) - জাপান (৩১.০৬%)
নরওয়ে (৬৭.৮১%) - আইভরি কোস্ট (৩২.১৯%)
পর্তুগাল (৬৭.৪২%) - ক্রোয়েশিয়া (৩২.৫৮%)
সুইজারল্যান্ড (৬৫.২১%) - আলজেরিয়া (৩৪.৭৯%)
মেক্সিকো (৬১.৩৫%) - ইকুয়েডর (৩৮.৬৫%)
নেদারল্যান্ডস (৬১.১৭%) - মরক্কো (৩৮.৮৩%)
বেলজিয়াম (৫৬.৯১%) - সেনেগাল (৪৩.০৯%)
মিশর (৫৩.৫৬%) - অস্ট্রেলিয়া (৪৬.৪৪%)
*কানাডা বনাম উজবেকিস্তান ম্যাচটি ইতিমধ্যে সম্পন্ন হওয়ায় সেটি এই তালিকাভুক্ত নয়