খামেনির জানাজায় যোগ দেবেন ৯০ দেশের প্রতিনিধি

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৭:৪০ পিএম

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনে অংশ নিতে ৯০টিরও বেশি দেশ নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। বুধবার (০১ জুলাই) প্রেস টিভি ও তাসনিম নিউজসহ একাধিক ইরানি সংবাদসংস্থা এ তথ্য জানিয়েছে।

ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তাবিষয়ক উপমন্ত্রী এবং আলি খামেনির শেষকৃত্য আয়োজন কমিটির সম্পাদক আলি আকবর পুরজামশিদিয়ান জানান, ইতোমধ্যে ৩০টিরও বেশি দেশ আনুষ্ঠানিকভাবে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠানোর আবেদন করেছে। এ ছাড়া বিশ্বজুড়ে বিশিষ্ট শিক্ষাবিদ, ধর্মীয় এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছ থেকে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

তিনি বলেন, ৯০টিরও বেশি দেশের আলেম, ধর্মীয় নেতা এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রয়াত নেতার বিদায়, জানাজা এবং দাফন অনুষ্ঠানে যোগ দিয়ে তাকে শ্রদ্ধা জানাতে তাদের প্রস্তুতির কথা জানিয়েছেন।

শেষ বিদায় ও জানাজার অনুষ্ঠান তেহরান, কোম, মাশহাদ এবং ইরাকে অনুষ্ঠিত হবে। তেহরান, কোম ও খোরাসান রাজাভি প্রদেশে প্রাদেশিক সমন্বয় কেন্দ্র গঠন করা হয়েছে। পাশাপাশি সারা দেশে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৮ জুলাই মরদেহ ইরাকে নেওয়া হবে। বাগদাদ অথবা নাজাফ বিমানবন্দরে ইরাকের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে রাষ্ট্রীয় অভ্যর্থনার আয়োজন শেষে নাজাফ ও কারবালার পবিত্র শহরে জানাজা ও শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এর পরদিন ৯ জুলাই পবিত্র নগরী মাশহাদে জানাজা ও দাফন সম্পন্ন হবে। সেখানে ইমাম রেজার মাজারের পাশে আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের সমাহিত করার পরিকল্পনা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত