গবেষণা খাতের বরাদ্দ ইউজিসির কাছে রাখায় স্বায়ত্তশাসন খর্ব হবে: ছাত্র ফ্রন্ট

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৭:৪০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে গবেষণা খাতে অপর্যাপ্ত বরাদ্দ এবং গবেষণার অর্থ সরাসরি বিশ্ববিদ্যালয়কে না দিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে বাস্তবায়নের সিদ্ধান্তের সমালোচনা করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সংগঠনটির দাবি, এতে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ক্ষুণ্ন হবে এবং স্বাধীন গবেষণা বাধাগ্রস্ত হবে।

বুধবার (১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক আকাশ আলী এসব কথা বলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ জুন বিশ্ববিদ্যালয়ের সিনেট সভায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৩৩ কোটি ২১ লাখ ৮৩ হাজার টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। বাজেটের বড় অংশ বেতন-ভাতা, পরিচালন ব্যয় ও পেনশন খাতে বরাদ্দ থাকলেও গবেষণা খাতে মাত্র ২১ কোটি টাকা, যা মোট বাজেটের প্রায় ২ দশমিক ৩ শতাংশ। এছাড়া গবেষণা খাতের অর্থ সরাসরি বিশ্ববিদ্যালয়কে না দিয়ে ইউজিসির মাধ্যমে বাস্তবায়নের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতা ও স্বায়ত্তশাসনের পরিপন্থী বলে দাবি করা হয়।

নেতৃদ্বয় বলেন, গবেষণা, আবাসন, খাদ্য, চিকিৎসা ও পরিবহনসহ শিক্ষার্থীর স্বার্থ সংশ্লিষ্ট খাতগুলোতে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় উচ্চশিক্ষার ব্যয় আরও বাড়বে। মূল্যস্ফীতির বর্তমান পরিস্থিতিতে অনেক শিক্ষার্থীর জন্য উচ্চশিক্ষা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

তারা আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আয় বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণের ফলে ভবিষ্যতে ভর্তি ফি, আবেদন ফি, টিউশন ফিসহ বিভিন্ন খাতে ব্যয় বাড়তে পারে, যা উচ্চশিক্ষার বাণিজ্যিকীকরণকে উৎসাহিত করবে।

বিজ্ঞপ্তিতে গবেষণা খাতের বরাদ্দ সরাসরি বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে রাখা, গবেষণা ও শিক্ষার্থীকল্যাণ সংশ্লিষ্ট খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ এবং উচ্চশিক্ষার বেসরকারিকরণ ও বাণিজ্যিকীকরণের প্রবণতা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে এসব দাবিতে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার প্রতি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত