আর্ত-মানবতার সেবায় নিজেদের দায়িত্ববোধের কথা পুনর্ব্যক্ত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, ‘আর্ত-মানবতার সেবায় সমাজ ও রাষ্ট্রের যে দায়িত্ব আমাদের ওপর আসুক তা আমরা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে পালন করতে অঙ্গীকারাবদ্ধ’।
বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর একটি মিলনায়তনে জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দে গরিব ও অসহায়দের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তেজগাঁও, শিল্পাঞ্চল, হাতিরঝিল ও শেরেবাংলা নগর দক্ষিণ উন্নয়ন ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে।
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি মু. আতাউর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার নো’মান আহমেদি, জামায়াত নেতা আবু সাঈদ মন্ডল, আবুল কালাম আজাদ ও সাজ্জাদ হোসেন বিপ্লব প্রমুখ।
স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করে সাইফুল আলম খান মিলন বলেন, ‘আমরা সকল কার্যক্রম ন্যায়-ইনসাফের ভিত্তিতে পরিচালনা করতে চাই। কারা এ অর্থ পাবেন তা নিয়ে আমরা প্রাক সমীক্ষা চালিয়েছি। সে সমীক্ষার ভিত্তিতেই প্রকৃত হক্বদারদের মধ্যে অর্থের চেক বিতরণ করা হচ্ছে। এ অর্থ সংগঠনের কোন নেতাকর্মী খেয়ে ফেলতে পারবে না। এ অশুভচর্চা আমাদের মধ্যে নেই। কেউ আসতে ব্যর্থ হলে আমাদের লোকজন তাদের কাছে পৌঁছে দেবে’। এ সময় তিনি নিজ আসনের উন্নয়ন কর্মকাণ্ডে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
জনপ্রতিনিধি হিসেবে দায়িত্বের পরিধি তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমরা শুধু জাতীয় সংসদে দায়িত্ব পালনের জন্য নির্বাচিত হয়নি বরং জনগণের সুখ-দঃখে সর্বাবস্থায় মানুষের পাশে থাকা এবং তাদের সার্বিক সহযোগিতা করা আমাদের কাজ। আমরা জনগণের কাছে কৃত অঙ্গীকার যথাযথভাবে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ’।
পরিশেষে তিনি পরিবর্তনের রাজনীতিতে অংশ নিতে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান।