ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মাছ চাষের একটি পুকুরে টানানো তারে বিদ্যুৎস্পৃষ্টে মামুন বিশ্বাস নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত মামুন বিশ্বাস (২৭) ওই এলাকার লাখু বিশ্বাসের ছেলে ও এক সন্তানের জনক, পেশায় কৃষক।
স্থানীয় ও পুলিশ জানায়, রাজাপুর গ্রামের জাহিদ শিকদারের আট শতাংশ জমির ওপর একটি পুকুর রয়েছে। পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন বোয়ালমারী পৌরসভার আধারকোটা গ্রামের বিশ্বজিৎ সরকার। মাছের নিরাপত্তার জন্য পুকুরের মাঝখানে বাঁশের সঙ্গে বিদ্যুতের সংযোগ দিয়ে আলোর ব্যবস্থা করা হয়। বাঁশটি স্থির রাখতে জিআই তার টানানো ছিল। অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে ওই জিআই তারে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল। গত মাসে একই তারে জড়িয়ে তিনটি কুকুর মারা গেলেও সংশ্লিষ্টরা কার্যকর ব্যবস্থা নেননি। বৃহস্পতিবার সকালে মামুন বিশ্বাস মাঠ থেকে গরুর জন্য ঘাস কেটে বাড়ি ফেরার পথে পুকুরপাড়ে জিআই তারে পা জড়িয়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।