গ্যাস পাইপলাইন তৈরি করছে স্পেসএক্স

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৮:২০ এএম

স্টারশিপের জ্বালানি সরবরাহে নতুন পদক্ষেপ, টেক্সাসে গ্যাস পাইপলাইন বানাচ্ছে স্পেসএক্স। স্টারশিপ রকেটের উৎক্ষেপণ আরও কার্যকর ও নিয়মিত করতে বড় অবকাঠামোগত উদ্যোগ নিয়েছে স্পেসএক্স। কোম্পানিটি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে নিজস্ব প্রাকৃতিক গ্যাস পাইপলাইন নির্মাণের পরিকল্পনা করেছে, যার মাধ্যমে সরাসরি উৎক্ষেপণ কেন্দ্র স্টারবেইসে জ্বালানি সরবরাহ করা হবে। এর ফলে রকেটের জন্য প্রয়োজনীয় তরল মিথেন উৎপাদন অনেক সহজ হবে।

পরিকল্পনা অনুযায়ী, প্রায় আট মাইল দীর্ঘ পাইপলাইনটি ‘পোর্ট অব ব্রাউনসভিল’ থেকে স্টারবেইস পর্যন্ত বিস্তৃত হবে। আগামী মাসে নির্মাণকাজ শুরু হওয়ার কথা রয়েছে এবং ২০২৬ সালের জানুয়ারির শেষ সপ্তাহে এটি চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ১৬ ইঞ্চি ব্যাসের এ পাইপলাইন দিয়ে প্রাকৃতিক গ্যাস এনে স্টারবেইসেই তা তরল মিথেনে রূপান্তর করা হবে, যা স্টারশিপের প্রধান জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। বর্তমানে প্রতিটি স্টারশিপ উৎক্ষেপণে বিপুল পরিমাণ তরল মিথেন প্রয়োজন হয়, যা এত দিন শত শত ট্যাংকার ট্রাকের মাধ্যমে পরিবহন করা হতো। নতুন পাইপলাইন চালু হলে পরিবহন ব্যয় ও সময় কমার পাশাপাশি উৎক্ষেপণ কার্যক্রমও আরও দ্রুত পরিচালনা করা সম্ভব হবে। বর্তমানে স্পেসএক্স বছরে সর্বোচ্চ ২৫টি স্টারশিপ উৎক্ষেপণের অনুমতি পেয়েছে।

তবে প্রকল্পটি নিয়ে পরিবেশগত উদ্বেগও দেখা দিয়েছে। কারণ পাইপলাইনটি সংবেদনশীল জলাভূমির কাছ দিয়ে যাবে। একই সঙ্গে স্টারবেইসের আশপাশে প্রাকৃতিক গ্যাস উত্তোলনের সম্ভাবনাও খতিয়ে দেখছে স্পেসএক্স। ফলে মহাকাশ প্রযুক্তির অগ্রগতির পাশাপাশি পরিবেশ সুরক্ষার বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত