বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে রাজধানীর আদাবরে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন শোয়েব, আরমান ও নয়ন। গতকাল বৃহস্পতিবার বিকেলে নবোদয় হাউজিং থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, গত সোমবার নবোদয় হাউজিংয়ে ফুটবল খেলা দেখার পর স্থানীয় কিছু ছেলে ঢোল বাজিয়ে হইচই করে। এ সময় আদাবর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমান নবোদয় বাজারের ব্যবসায়ী মজনুর ছেলে রিপনকে চড়-থাপ্পড় দেন। পরে বিষয়টি নিয়ে রিপনের পরিবার ও হাবিবুর রহমানের পরিবারের মধ্যে বিবাদ হয়। বিষয়টি মীমাংসার জন্য গত বুধবার উভয় পক্ষ সালিশ বসে। এ সময় হাবিবুর রহমানের পক্ষের কয়েকজন নবোদয় হাউজিং ইউনিট বিএনপি সভাপতি মো. সাদ্দাম ও সাধারণ সম্পাদক মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে গুরুতর আহত করে। আহত বাদশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই সবুজ বলেন, বাদশা প্রাইভেটকার চালক ও আদাবর থানার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। আদাবর বি-ব্লক, ১ নম্বর রোডে তিনি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম জানান, হত্যার ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি। তবে সন্দেহভাজন অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।