সড়ক পরিবহন, সেতু, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নারায়ণগঞ্জের আলীগঞ্জে পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটার কাজ প্রকল্পের প্রয়োজনেই হয়েছে। এ নিয়ে গুজব ছড়ানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের আওতায় ভায়াডাক্টের নিচে অস্থায়ী মাটির রাস্তা অপসারণ কার্যক্রম পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি। ভায়াডাক্টের নিচের মাটি কাটার কোনো নেতিবাচক প্রভাব নেই, বরং ইতিবাচক প্রভাব রয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ইতিমধ্যে ১৬ দশমিক ৭৬ কিলোমিটারের মধ্যে ১৪ দশমিক ৪ কিলোমিটার অংশের কাজ শেষ হয়েছে। অবশিষ্ট ২ দশমিক ৩৪ কিলোমিটার এলাকায় গড়ে সাড়ে তিন ফুট মাটি অপসারণ করা হবে। এতে ভায়াডাক্ট বা রেললাইনের কোনো ঝুঁকি নেই।
তিনি বলেন, ভায়াডাক্ট নির্মাণের সময় এখানে জলাধার ছিল। ভায়াডাক্ট নির্মাণকাজের মালামাল আনা নেওয়ার সুবিধার্থে এই জলাধার অস্থায়ীভাবে ভরাট করা হয়েছিল। নির্মাণকাজ শেষে এই অস্থায়ী মাটি আবারও সরিয়ে নেওয়া হয়েছে। এটা প্রকল্পেরই অংশ।