জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৭:৩৯ এএম

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জমিজমা-সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে লিটন সাকিদার (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মাঝবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাঝবাড়ী গ্রামের মুহিদুল ইসলাম সাকিদার (৬৪) ও একই গ্রামের খাজা প্রামাণিকের (৬০) মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে বগুড়া জেলা জজ আদালতে উভয় পক্ষের একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

গতকাল শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমির দখল নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতদের মধ্যে লিটন সাকিদারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় আহত অন্যরা হলেন রিপন আহমেদ (৩২), মুহিদুল ইসলাম সাকিদার (৬৪), সায়েদজ্জামান সাকিদার (৬২), সহিদ ইসলাম সাকিদার (৩১), মন্তেজার রহমান সাকিদার (৫৫), দিলেরা বেগম (৪০), তাহেরুল ইসলাম প্রামাণিক (৫০) ও মুন প্রামাণিক (২৮)। তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান জানান, নিহত লিটন সাকিদারের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত