মাদারীপুরের শিবচরে এবং গাজীপুরের শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। এর মধ্যে মাদারীপুরের শিবচর উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় বিথী আক্তার (নীলপরী) (৩৫) ও আয়শা (৯) নামে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। অপরদিকে গাজীপুরের শ্রীপুরে মাছবাহী ট্রাকচাপায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুই বন্ধু। তারা অন্য এক বন্ধুর বাড়িতে মোটরসাইকেলযোগে বেড়াতে যাওয়ার সময় এ মর্র্মান্তিক দুর্ঘটনা ঘটে। দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন
শিবচর (মাদারীপুর) : গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শিবচর উপজেলার দ্বিতীয় খ- মোড়লকান্দি এলাকায় শিবচর-কুতুবপুর আঞ্চলিক সড়কে কাভার্ড ভ্যানের চাপায় বিথী আক্তার (নীলপরী) ও আয়শা নামে দুজন প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন উপজেলার দ্বিতীয় খ- ইউনিয়নের মাদবরকান্দি এলাকার খাইরুল মাদবরের স্ত্রী বিথী আক্তার (নীলপরী) ও একই এলাকার হারুন মাদবরের মেয়ে আয়শা আক্তার। তারা দুজন চাচি-ভাতিজি।
আহতরা হলেন ওই এলাকার সাহাদাত মাদবরের মেয়ে সাজেদা আক্তার (৯) ও শিবচরের যাদুয়ার চর এলাকার মৃত হায়দার আলীর ছেলে ভ্যান লিটন মিয়া (৩০)। তারা ভ্যানযোগে উপজেলার কুতুবপুর ইউনিয়নের একটি বিবাহ অনুষ্ঠানে যাচ্ছিলেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ আসিফ বলেন, দুপুরে চারজন রোগীকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে আমরা দুজনকে মৃত অবস্থায় পাই। এ ছাড়াও একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।
শ্রীপুর (গাজীপুর) : গত বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার ইউটার্ন এলাকায় মাছবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শরীয়তপুর জাজিরা উপজেলার সারেংকান্দি গ্রামের সোলাইমান সিকদার (২৪) এবং ঢাকার কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ মান্দাইল গ্রামের কাওসার আহম্মেদ (২৫) নিহত হন।
স্থানীয়রা জানান, দুটি মোটরসাইকেলযোগে চার বন্ধু মিলে ত্রিশালের অপর এক বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। সন্ধ্যায় ঢাকার কেরানীগঞ্জ থেকে একসঙ্গে তারা রওনা হয় ত্রিশালের উদ্দেশ্যে। পরে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের জৈনাবাজার এলাকায় পৌঁছালে ইউটার্ন দিয়ে দ্রুতগামী একটি মাছবাহী ট্রাক ঢুকে পড়ে। এতে মাছবাহী ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে রাস্তা ফাঁকা থাকায় দ্রুতগতিতে চলছিল মোটরসাইকেলগুলো। এ সময় বেপরোয়া মাছবাহী এক ট্রাক বিপরীত দিক খেয়াল না করেই আচমকা গতিতে ইউটার্নে ঢুকে পড়ে। ফলে মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ করা যায়নি। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। পরে পুলিশ লাশ দুটি উদ্ধার করেন।
মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও মাছবাহী ড্রাম ট্রাক জব্দ করেছে পুলিশ। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলেই তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।