ভ্যান চুরির ঘটনায় কুপিয়ে হত্যা

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৭:৩৯ এএম

খুলনার রূপসা উপজেলায় ভ্যান চুরির ঘটনাকে কেন্দ্র করে হাসান (৬৫) ওরফে বিহারী হাসান নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত হাসান রূপসার জাবুসা গ্রামের সিরমান শেখের ছেলে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। রাত সোয়া ১টায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে হত্যাকা-ের ঘটনায় রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে বিহারি হাসানের বাড়িতে ভ্যানে করে কয়েকজন অতিথি বেড়াতে আসে। ভ্যানচালকসহ মেহমানরা বাড়ির ভেতর থাকার কিছুক্ষণ পর ওই ভ্যানটি চুরি হয়ে যায়। এই চুরির ঘটনায় হাসান একই এলাকার রাশেদ শেখকে সন্দেহ করে এবং ভ্যানটি নিয়েছে কিনা জিজ্ঞাসা করে।

এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে রাশেদসহ ৪-৫ জন ধারালো অস্ত্র নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় গ্রামের চার রাস্তার মোড়ে হাসানকে একা পেয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করার পর স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের জন্য পরামর্শ দেয়, কিন্তু ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত