আগামীকাল আমির গৌরীর বিয়ে

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৭:৫১ এএম

বলিউড সুপারস্টার আমির খান জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন। দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে আগামীকাল ৫ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন ৬১ বছর বয়সী এই অভিনেতা। মুম্বাইয়ে নিজের বাসভবনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একেবারে ঘরোয়া আয়োজনেই সম্পন্ন হবে তার বিয়ের আনুষ্ঠানিকতা।

বৃহস্পতিবার মুম্বাইয়ে ‘প্রীতম অ্যান্ড পেড্রো’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমির খান নিজেই এই সুখবরটি জানান। সংবাদ সংস্থা এএনআই-এর বরাতে আমির বলেন, ‘দিনটি আমাদের জন্য খুবই বিশেষ। দুই পরিবারের সদস্যদের নিয়ে বাসাতেই অনুষ্ঠান হবে। আমাদের নতুন পথচলার জন্য সবার ভালোবাসা ও আশীর্বাদ চাই।’ ঘোষণার সময় বাবার পাশেই হাসিমুখে দাঁড়িয়ে ছিলেন বড় ছেলে জুনায়েদ খান।

দীর্ঘ ২৫ বছরের চেনা-জানা থেকে আমির ও গৌরীর বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয়। গত বছরের মার্চে ৬০তম জন্মদিনে প্রথমবার গৌরীর সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন আমির। জানা গেছে, গৌরীর সাত বছর বয়সী একটি সন্তান রয়েছে।

এটি আমিরের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন তিনি, যা ২০০২ সালে ভেঙে যায়। এই সংসারে জুনায়েদ ও ইরা নামে দুই সন্তান রয়েছে। এরপর ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন আমির। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হলেও একমাত্র ছেলে আজাদের সহ-অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন দুজনেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত