ইংলিশ টি-টোয়েন্টি লিগে দল পেলেন হাসান

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৪:৩৩ পিএম

কাউন্টি চ্যাম্পিয়নশিপে দারুণ অভিষেকের পর এবার ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টেও দল পেলেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। কেন্ট স্পিটফায়ার্সের হয়ে গ্রুপ পর্বের শেষ তিন ম্যাচে খেলবেন তিনি। এই টুর্নামেন্টে খেলা বাংলাদেশের দ্বিতীয় পেসার হবেন হাসান। এর আগে ২০১৬ সালে সাসেক্সের জার্সিতে ভাইটালিটি ব্লাস্টে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান।

সুযোগ পেয়ে কেন্টের প্রকাশিত বিবৃতিতে হাসান বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি প্রতিযোগিতায় নিজেকে প্রমাণ করার এটি একটি বড় সুযোগ। বাংলাদেশের হয়ে আবারও সাদা বলের ক্রিকেটে ফেরার জন্য নিজেকে এগিয়ে নেওয়ার এটি দারুণ একটি সুযোগ বলে আমি মনে করি।’

গত মাসে কেন্টের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে অভিষেকেই নজর কাড়েন হাসান। দুই ম্যাচে ১২ উইকেট শিকার করেছেন তিনি। এর মধ্যে ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ৬৯ রানে ৬ উইকেট নেন। এটিই প্রথম শ্রেণির ক্রিকেটে হাসানের সেরা বোলিং ফিগার।

ওই স্মৃতি টেনে হাসান বলেন, ‘কেন্টে সময়টা আমি ভীষণ উপভোগ করেছি। ভাইটালিটি ব্লাস্টে ফিরে এসে অবদান রাখার সুযোগ যখন এলো, তখন এক মুহূর্তও দ্বিধা করিনি। এই তিনটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। কেন্টকে নকআউট পর্বে তুলতে আমি নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আমার ওপর আস্থা রাখার জন্য আমি কেন্টকে ধন্যবাদ জানাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত