প্রেম-চর্চা উসকে দিলেন কৃতি, ভাইরাল ভিডিও

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৫:৪৭ পিএম

ব্যক্তি জীবন নিয়ে আবারও আলোচনায় বলিউডের উঠতি তারকা কৃতি শ্যানন । শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় মুম্বাইয়ে কথিত প্রেমিক কবির বাহিয়ার সঙ্গে ডিনার ডেটে দেখা গেছে এই অভিনেত্রীকে। আর সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নতুন করে শুরু হয়েছে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা। 

ভাইরাল ভিডিওতে দেখা যায়, প্রথমে রেস্তোরাঁয় পৌঁছান কবির বাহিয়া। তার পরনে ছিল সাদা রঙের ঢিলেঢালা টি-শার্ট, হালকা নীল জিন্স ও স্নিকার্স। কিছুক্ষণ পর একই স্থানে পৌঁছান কৃতি স্যানন। কালো রঙের স্টাইলিশ পোশাকে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল তাঁকে। রেস্তোরাঁয় প্রবেশের আগে হাসিমুখে উপস্থিত আলোকচিত্রীদের দিকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান এবং ‘ভিক্টরি’ সাইনও দেখান। যদিও একই জায়গায় গেলেও দুজনকে আলাদাভাবে রেস্তোরাঁয় প্রবেশ করতে দেখা যায়। 

গত প্রায় এক বছর ধরেই কৃতি ও কবিরের সম্পর্ক নিয়ে বলিউডে জোর গুঞ্জন চলছে। তবে এ বিষয়ে এখনো কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। তবুও বিভিন্ন সময়ে বিদেশে ছুটি কাটানো, পারিবারিক অনুষ্ঠান এবং বন্ধুদের সঙ্গে বিভিন্ন আয়োজনে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়েছে। 

এর আগেও কৃতির বোন নূপুর শ্যানন এবং গায়ক স্টেবিন বেন–এর সঙ্গে ছুটি কাটাতে দেখা গেছে এই কথিত জুটিকে। ফলে ভক্তদের অনেকেই মনে করছেন, দুজনের সম্পর্ক এখন আর শুধুই গুঞ্জনের মধ্যে সীমাবদ্ধ নেই। 

যদিও কৃতি ও কবির বাহিয়া নিজেদের সম্পর্ক নিয়ে এখনো নীরব, তবু তাদের একসঙ্গে প্রতিটি উপস্থিতিই ভক্তদের কৌতূহল বাড়িয়ে দিচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত