সংবাদকর্মী সোহেলের মাতৃবিয়োগ

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৬:১২ পিএম

দীর্ঘদিন অসুস্থ থাকার পর এ বছরের জানুয়ারিতে বাবাকে হারিয়েছিলেন সাংবাদিক মোহাম্মদ হিজবুল্লাহ সোহেল। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই ছয় মাসের ব্যবধানে মাকেও হারালেন। শনিবার (৪জুলাই) দুপুরে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার মা আছমা খানম (৫৪)।

সাংবাদিক সোহেল চট্টগ্রামের স্থানীয় দৈনিক আজাদীর অনলাইন ও বিজয় টিভিতে আনোয়ারা প্রতিনিধি হিসেবে দায়িত্বে আছেন। 
 
পরিবারের সদস্যরা জানান,গত ২৬ জুন রাতে আছমা খানম ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। প্রথমে তাকে নগরের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় গত সোমবার তাকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই শনিবার দুপুর ২টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আছমা খানম আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের বাদামতল গ্রামের বাসিন্দা প্রয়াত মাওলানা ইয়ার মোহাম্মদের স্ত্রী। মৃত্যুকালে তিনি তিন ছেলে,দুই মেয়ে,আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এর আগে,গত ৩ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সোহেলের বাবা মাওলানা ইয়ার মোহাম্মদ (৫৯)। মাত্র ছয় মাসের ব্যবধানে বাবা ও মাকে হারিয়ে শোকে মুহ্যমান পরিবার। সাংবাদিক সোহেলের মায়ের মৃত্যুতে আনোয়ারা উপজেলায় কর্মরত সাংবাদিকরা শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত