ভিক্ষুকের দেওয়া ৭০ টাকার উপহার ভুললেন না এমপি রুবেল

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৬:১০ পিএম

নিজের প্রথম মাসের সংসদ সদস্য হিসেবে পাওয়া সম্মানীর অর্থ ব্যয় করে এক অসহায় ভিক্ষুকের জন্য নতুন টিনশেড বসতঘর নির্মাণ করে দিয়েছেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল।

শনিবার (৪ জুলাই) দুপুরে হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নের নামছাপাড়া গ্রামে ভিক্ষুক রিনা রিছিলের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন তিনি।

জানা যায়, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন রিনা রিছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি ভিক্ষা করে পাওয়া ৭০ টাকা সংসদ সদস্য সালমান ওমর রুবেলের নির্বাচনী ব্যয়ের জন্য তুলে দেন। বিষয়টি সে সময় এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সেই ভালোবাসার প্রতিদান হিসেবে নিজের প্রথম মাসের সম্মানীর অর্থ ব্যয় করে রিনা রিছিলের জন্য নতুন একটি টিনশেড বসতঘর নির্মাণ করে দেন সংসদ সদস্য।

নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত রিনা রিছিল গণমাধ্যমকে বলেন, নতুন ঘর পেয়ে তিনি খুবই আনন্দিত। এ সহযোগিতার জন্য তিনি সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞ।

এ বিষয়ে সংসদ সদস্য সালমান ওমর রুবেল বলেন, ‘মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। নির্বাচনের সময় রিনা রিছিল ভিক্ষা করে পাওয়া ৭০ টাকা আমাকে দিয়েছিলেন। আমার অর্থের প্রয়োজন না থাকলেও তার আন্তরিকতা আমাকে গভীরভাবে স্পর্শ করেছিল। সেই ভালোবাসার প্রতিদান হিসেবে আমার প্রথম মাসের সম্মানীর অর্থ দিয়ে তাঁর জন্য একটি ঘর নির্মাণ করেছি। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করব।’

স্থানীয় বাসিন্দারা বলেন, এ উদ্যোগ শুধু একটি ঘর নির্মাণ নয়, বরং একজন অসহায় মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে। তারা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত