বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইকেলার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে পিএইচপি শিপ স্ক্র্যাপার্স লিমিটেডের মো. মোহসিন চৌধুরী এবং সিনিয়র সহসভাপতি পদে খাজা আজমীর স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মো. সেলিম উদ্দিন বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
শনিবার (৪ জুলাই) বন্দরনগরী চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ৮৪ জন ভোটারের মধ্যে ৭১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী, সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন দুজন। তারা হলেন ফোর স্টার শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মো. নূর উদ্দিন ও চট্টগ্রাম শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইকেলিং ইন্ডাস্ট্রিজের গাজী মোকাররম আলী চৌধুরী।
এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাতজন। তারা হলেন প্যাসিফিক স্টিল এন্টারপ্রাইজ লিমিটেডের মো. জাহিদুল হক, কেআর শিপ রিসাইকেলিং ইয়ার্ডের মো. তাসলিম উদ্দিন, বিওবি রিসাইকেলার্সের এস এম নূরুন নবী, মেসার্স ফেরদৌস স্টিল শিপ রিসাইকেলিং ইন্ডাস্ট্রিজের মো. ফেরদৌস ওয়াহিদ, প্রগ্রেসিভ শিপ রিসাইকেলিং ইন্ডাস্ট্রিজের উবাইদা আসাদী, জনতা স্টিল লিমিটেডের হোসাইনুল আরেফিন এবং মাস্টার স্টিল অ্যান্ড অক্সিজেন লিমিটেডের এ কে এম সাইফ উল্লাহ সায়েক।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. আফতাব উদ্দীন চৌধুরী জানান, অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে তিনজন প্রার্থীর মধ্যে দুজন এবং সদস্য পদে ৯ প্রার্থীর মধ্যে সাতজন নির্বাচিত হয়েছেন।