ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বহুদিবসব্যাপী জানাজা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আর্মেনিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, খামেনির জানাজা চলাকালে তিনি চাইলে সেখানে উপস্থিত সবাইকে ‘নির্মূল’ করতে পারতেন। তবে তিনি বলেন, এমনটি করলে ‘আলোচনার জন্য আর কেউ অবশিষ্ট থাকত না।’
এ ছাড়া জানাজায় মানুষের কান্না দেখে বিস্ময়ও প্রকাশ করেন ট্রাম্প। তাঁর দাবি, তিনি মনে করেছিলেন ইরানের জনগণ খামেনিকে ঘৃণা করে।
ট্রাম্পের এই বক্তব্যের জবাবে আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে অবস্থিত ইরানের দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানায়।
দূতাবাস লিখেছে, ‘মানুষকে হত্যা করা যায়, কিন্তু আদর্শকে নয়। আপনি আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছেন, কিন্তু বাস্তবে আপনি এমন একটি সুগন্ধির বোতল ভেঙেছেন, যার সুবাস চারদিকে ছড়িয়ে পড়েছে। আপনি এসব বিষয় বুঝবেন না, কারণ আপনার সভ্যতা নেই, ইতিহাস নেই, সম্মানও নেই।’
সূত্র: আল-জাজিরা