করদাতাদের সতর্ক করল এনবিআর

অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ এএম

নিয়ম অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করদাতাদের আয়কর রিটার্নে তথ্য গোপন বা অসামঞ্জস্য থাকলে কর নথি অডিটের (নিরীক্ষা) জন্য নির্বাচিত করে থাকে। তবে বিষয়টিকে কাজে লাগিয়ে এক শ্রেণির প্রতারক চক্র ভুয়া অডিট আপত্তির কথা জানিয়ে করদাতাদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে। চক্রটি অডিট থেকে অব্যাহতির আশ্বাস বা আইনি জটিলতার ভয় দেখিয়ে বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে যোগাযোগ করে অর্থ দাবি করছে। বিষয়টি এনবিআরের নজরে আসায় করদাতাদের এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি। গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয় কর নথি অডিট-সংক্রান্ত বিষয়ে এনবিআরের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত মুঠোফোন নম্বর কিংবা অননুমোদিত কোনো মাধ্যমে করদাতাদের সঙ্গে যোগাযোগ করেন না। কোনো করদাতার ফাইল অডিটের জন্য নির্বাচিত হলে আইন অনুযায়ী শুধু আনুষ্ঠানিক লিখিত নোটিসের মাধ্যমেই তা জানানো হয়।

এতে আরও বলা হয়, কর-সংক্রান্ত যেকোনো বকেয়া কর বা ফি শুধুমাত্র সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বা ব্যক্তি ব্যক্তিগতভাবে কিংবা বিকাশ, রকেট, নগদ বা অন্য কোনো মোবাইল ব্যাংকিং সেবা অথবা ব্যক্তিগত ব্যাংক হিসাবে অর্থ গ্রহণের এখতিয়ার রাখেন না। করদাতাদের উদ্দেশে এনবিআর বলেছে, অডিটের নামে কোনো সন্দেহজনক ফোনকল, খুদে বার্তা (এসএমএস) বা ই-মেইল পেলে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপকর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে বিষয়টির সত্যতা যাচাই করতে হবে।

এ ছাড়া, কেউ এনবিআরের কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করার পাশাপাশি প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর সংরক্ষণ করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত