নির্ভরযোগ্য তথ্য জাতীয় উন্নয়নের ভিত্তি

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৪:২০ এএম

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সঠিক পরিকল্পনা প্রণয়ন এবং জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হলো নির্ভরযোগ্য তথ্য। গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে ‘মাইক্রোডাটা বিশ্লেষণ ল্যাব’ উদ্বোধনের সময় তিনি এ মন্তব্য করেন।

এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকী, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার, বিবিএসের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. মীর হোসেন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বিবিএসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, মাইক্রোডাটা বিশ্লেষণ ল্যাব গবেষক ও নীতিনির্ধারকদের জন্য নিরাপদ ও নিয়ন্ত্রিত পরিবেশে গভীরতর বিশ্লেষণের সুযোগ থাকবে, যা গবেষক ও শিক্ষার্থীদের সরকারি ডাটা নতুন নতুন আঙ্গিকে গবেষণা বিশ্লেষণের সুযোগ সৃষ্টি করবে। বিবিএস নিয়মিতভাবে জাতীয় শুমারি ও জরিপ পরিচালনার মাধ্যমে বিপুল পরিমাণ মাইক্রোডাটা উৎপাদন করে। এই ল্যাবের মাধ্যমে সেই ডাটা আরও নিরাপদ, সুশৃঙ্খল ও গবেষণাবান্ধব উপায়ে ব্যবহার করা যাবে।

তিনি বলেন, ডাটা থেকে জ্ঞান, জ্ঞান থেকে উন্নয়ন এই লক্ষ্য সামনে রেখে বিবিএস মাইক্রোডাটা বিশ্লেষণ ল্যাব উপাত্তভিত্তিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ ল্যাব স্থাপনের মাধ্যমে জনসাধারণকে সরকারি ডাটা ব্যবহারের সুযোগ পাবে।

সভায় মন্ত্রী পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বিবিএসের সক্ষমতা এবং ডাটা প্রকাশের স্বাধীনতা ও পেশাদারিত্ব বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। পরিসংখ্যান ব্যুরোর গবেষণার সুযোগ বৃদ্ধি এবং সব সরকারি নীতি-নির্ধারণী কাজে সরকারি পরিসংখ্যানের ব্যবহারের সর্বোচ্চ ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য তিনি কর্মকর্তাদের আহ্বান জানান।

জোনায়েদ সাকী বলেন, শিক্ষার্থী, গবেষক, অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকদের জন্য বিবিএসের মাইক্রোডাটা বিশ্লেষণ ল্যাব একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এর মাধ্যমে গবেষণা ও নীতি প্রণয়নের ক্ষেত্রে জাতীয় ডাটার ব্যবহার আরও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মাইক্রোডাটায় প্রবেশাধিকার এবং উত্তরদাতার গোপনীয়তা এই দুটি বিষয়কে সমন্বিতভাবে নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করে মো. ফিরোজ সরকার বলেন, বিবিএসের এই ল্যাব নিরাপদ ডাটা ব্যবহার, দায়িত্বশীল গবেষণা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার একটি কার্যকর মডেল হিসেবে

কাজ করবে।

মাইক্রোডাটা বিশ্লেষণ ল্যাব বিবিএসের একটি নিরাপদ অনসাইট গবেষণা সুবিধা, যার মাধ্যমে অনুমোদিত শিক্ষার্থী, গবেষক, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক এবং অন্যান্য ব্যবহারকারী জাতীয় শুমারি ও জরিপসমূহের নাম-পরিচয়বিহীন মাইক্রোডাটা বিশ্লেষণের সুযোগ পাবেন। ল্যাবটি গবেষণা, থিসিস, নীতি বিশ্লেষণ, কর্মসূচি মূল্যায়ন এবং প্রমাণভিত্তিক পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত