হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু, আহত ২

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০১:২৫ এএম

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের দক্ষিণ গোড়ামী (মির্জাপুর) গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— দক্ষিণ গোড়ামী (মির্জাপুর) গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ মিয়া ও আজিদ মিয়া। তারা আপন দুই সহোদর ভাই।

স্থানীয়রা জানান, কৃষি জমিতে কাজ করার সময় বিদ্যুৎ তার ছিড়ে জমিতে পরে। এ সময় জমিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ মিয়া ও আজিদ মিয়াকে মৃত ঘোষণা করেন। 

আহত অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে বলে জানা গেছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত