ময়মনসিংহের গৌরীপুরে রবিবার (৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় হাওয়ার রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের কর্মকর্তা আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৪৫) ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তিনি উপজেলার ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর গ্রামের আব্বাস আলী আকন্দের পুত্র। এছাড়া একই এলাকায় আরও একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
মজনু মুন্সির হত্যার ঘটনায় জানা গেছে ওইদিন তিনি প্রয়োজনীয় জিনিসপত্র কেনার পর (বাজার) বয়ড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তার ছেলে মাজহারুল ইসলাম আকন্দ আকাশ কুমিল্লায় সীমান্ত পাহাড়ায় কর্মরত।
তিনি জানান, রবিবার রাতে ভাংনামারী ইউনিয়নের বয়ড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কিশোর গ্যাং পথরোধ করে। তাদেরকে চিনে ফেলায় মূলত তারা আমার বাবাকে ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাস্তায় মারা যান।
মৃত্যুর আগে আমার বাবা বলে গেছেন, দুর্বারচর পশ্চিমপাড়ার ৩জন ছিলো। তিনি আরও বলেন, ওরা (ছিনতাইকারীরা) বয়ড়া বাজার থেকে আসা অন্যকোনো লোককে আটক বা ছিনতাই করতে চেয়েছিলো। ভুলবশত আমার বাবার পথরোধ করে। পরে বুকে-পেটে ছুরিকাঘাত করে হত্যা করে। ঘাতকদের একজন আমার বাবার মোবাইল থেকে আমাকে ফোন দেয়ার পর ১৩ সেকেন্ড হাই-হ্যালো করা হলেও কোনো কথা বলে নাই। এরপরে ওরা আমার বোন মাহিয়া আক্তার বৃষ্টিকে বাবার নাম্বার থেকে ফোন দেয়, তখন ওদের একজন বলেছে ‘আপনার বাবাকে আমি মারেনি, আরেকজন ছুরি মেরে দিয়েছে।’
এলাকাবাসী বলেন, তার ছেলে আকাশ সীমান্তের অতন্দ্র প্রহরী। দেশের নিরাপত্তায় জীবনবাজি রেখে কাজ করছে। অথচ নিজের এলাকাতেই নিরাপদ ছিলেন না তার বাবা। নৃশংসভাবে খুন হয়েছে। এটি শুধু একটি পরিবারের শোক নয়; আমাদের সমাজের আইন-শৃঙ্খলা ও নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও এক প্রশ্ন উঠেছে। এছাড়াও এ ইউনিয়নে এ সপ্তাহে আরও একটি খুন হয়েছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
এ প্রসঙ্গে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, আমরা রাতেই ঘটনাস্থলে গিয়েছি। জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
অপরদিকে একই ভাংনামারী ইউনিয়নের বারুয়ামারি গ্রাম থেকে বৃহস্পতিবার (২৫জুন) আলিফ মাহমুদ (২২) নামে এক গার্মেন্টসকর্মীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও সড়কের গোলাম মোস্তফার পুত্র।
এ ছাড়াও গৌরীপুর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মানিক মিয়াকে গত বুধবার পিটিয়ে হত্যা করা হয়। তিনি পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার আজিবুল ইসলামের পুত্র।