গ্রাহকের কেনাকাটা আকর্ষণীয় করতে এপেক্স-বিকাশ এর যৌথ উদ্যোগ

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৭:৪৯ পিএম

এপেক্স স্টোরে বিকাশ পেমেন্টে গ্রাহকের কেনাকাটাকে আরও সাশ্রয়ী, আকর্ষণীয় ও আনন্দময় করে তুলতে যৌথভাবে নানান উদ্যোগ নিয়েছে জনপ্রিয় ফুটওয়্যার ও লাইফস্টাইল ব্র্যান্ড এপেক্স ও দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। 

ক্যাশ ও ভাংতি টাকার ঝামেলা ছাড়াই, দেশজুড়ে ছড়িয়ে থাকা এপেক্স-এর ৩৪২টি আউটলেট থেকে অথবা অ্যাপেক্স অনলাইন থেকে পণ্য কিনে গ্রাহকেরা আরও স্বাচ্ছন্দ্যে নিরাপদ ডিজিটাল পেমেন্ট করতে পারছেন, সাথে পাচ্ছেন নানান অফারও। 

সম্প্রতি, রাজধানীর গুলশানে এপেক্স-এর প্রধান কার্যালয়ে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়। 

এ সময় এপেক্স এর চিফ এক্সিকিউটিভ অফিসার ফিরোজ মোহাম্মদ, হেড অফ মার্কেটিং মো. রায়হান কবির এবং বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, হেড অফ মার্চেন্ট পেমেন্ট ফয়সাল শহীদ, ভাইস প্রেসিডেন্ট অফ মার্চেন্ট পেমেন্ট এস এম খালেদ বিন হালিমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ফুটবল বিশ্বকাপ মৌসুমে জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড ‘স্প্রিন্ট’ এর জুতা, স্যান্ডেল, ব্যাগ, টি-শার্ট সহ বিভিন্ন পণ্য কিনে ৩,০০০ টাকার বেশি পেমেন্ট বিকাশ করলেই প্রতিদিন থাকছে জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় হামজা চৌধুরী স্বাক্ষরিত জার্সি জেতার সুযোগ। 

৮ জুলাই ২০২৬ পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে প্রতিদিন সর্বোচ্চ ২০ জন এবং একজন গ্রাহক একবারই এই পুরস্কার জেতার সুযোগ পাবেন। শিক্ষার্থীদের নতুন ক্লাসের প্রস্তুতিকে সহজ করতে ‘এপেক্স স্কুল স্মার্ট ক্যাম্পেইন’-এর এক্সক্লুসিভ পেমেন্ট পার্টনার হিসেবে বিকাশ পেমেন্টে নির্দিষ্ট পণ্যের ওপর থাকছে ৫% ডিসকাউন্ট। এর পাশাপাশি, বছরজুড়ে গ্রাহকদের জন্য ধারাবাহিকভাবে নানা ধরনের পেমেন্ট অফার নিয়ে আসার যৌথ প্রতিশ্রুতি ব্যক্ত করেছে উভয় প্রতিষ্ঠান। 

উপহার, ছাড়ের পাশাপাশি এপেক্স থেকে স্বাচ্ছন্দ্যে পছন্দের কেনাকাটার জন্য বিকাশ পেমেন্টে রয়েছে ‘পে-লেটার’ নামের বিশেষ জামানতবিহীন লোন ব্যবস্থা। পেমেন্টের সময় অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকলেও এই সেবার মাধ্যমে তাৎক্ষণিক কেনাকাটা করার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। 

এছাড়াও অ্যাপ থেকে বিকাশ অ্যাকাউন্টে সংযুক্ত ভিসা কার্ডের মাধ্যমেও পেমেন্ট করতে পারছেন গ্রাহকরা। পাশাপাশি, সর্বোচ্চ সংখ্যক ব্যাংক থেকে অ্যাড মানি করেও বিকাশ অ্যাকাউন্টে টাকা এনে পেমেন্ট করার সুবিধা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত