খেলাপি প্রতিষ্ঠান আব্দুল মোনেম সুগার রিফাইনারিকে বিশেষ ছাড়

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৮:৩৯ পিএম

কারখানার উৎপাদন সচল রাখতে ঋণখেলাপি প্রতিষ্ঠান আবদুল মোনেম সুগার রিফাইনারিকে বিশেষ ব্যবস্থায় আমদানি ঋণপত্র (এলসি) খোলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

সোমবার (৬ জুলাই) জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, শতভাগ মার্জিন জমা দিয়ে প্রতিষ্ঠানটি আগামী এক বছরের জন্য এলসি খুলতে পারবে। 

ব্যাংক কোম্পানি আইনের ২৭কক(৩) ধারায় খেলাপি ঋণগ্রহীতা বা তার জামিনদারের অনুকূলে নতুন ঋণসুবিধা দেওয়ার বিধিনিষেধ থাকলেও সরকারের সম্মতির ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠানটিকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত এ বিধান থেকে অব্যাহতি দিয়েছে। তবে এ সুবিধার আওতায় দেওয়া কোনো ঋণের দায় সরকার বা বাংলাদেশ ব্যাংক নেবে না।

সূত্র জানায়, অগ্রণী ব্যাংকের প্রায় ৪৫৫ কোটি টাকার খেলাপি ঋণের জামিনদার হওয়ায় আবদুল মোনেম সুগার রিফাইনারি এলসি খুলতে পারছিল না। এ অবস্থায় কারখানা সচল রাখতে গত মাসে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন চায় বাংলাদেশ ব্যাংক।

২০২৪ সালের জুনে আবুল খায়ের গ্রুপের স্মাইল ফুডস দায়দেনাসহ প্রতিষ্ঠানটি কেনার চুক্তি করলেও ঋণ পরিশোধ না হওয়ায় মালিকানা এখনও হস্তান্তর হয়নি। ফলে কারখানাটি এখনও আবদুল মোনেম সুগার রিফাইনারির নামেই পরিচালিত হচ্ছে এবং বন্ড সুবিধাও সেই নামেই ব্যবহৃত হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, কাঁচামাল আমদানির স্বার্থেই এ বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত