মালিককে খুন করে ট্রান্সফরমার চুরি

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৭:১৫ এএম

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মোহাম্মদ আলী (৭০) নামে এক মিলমালিককে হত্যা করে মিল থেকে তিনটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত রবিবার দিবাগত রাত ১২টা থেকে সোমবার সকাল ৬টার মধ্যে উপজেলার ফেনিরগ্রাম ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মোহাম্মদ আলী ফেনিরগ্রাম পূর্বপাড়া এলাকার মৃত কছিরউদ্দীনের ছেলে।

শিবগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী রাতে নিজের মিলে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মিলে ঢুকে তার হাত-পা ও মুখ বেঁধে মাথায় আঘাত করে হত্যা করে। যাওয়ার সময় দুর্বৃত্তরা মিল থেকে তিনটি ট্রান্সফরমারও নিয়ে যায়। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি মো. শাহীনুজ্জামান বলেন, এ ঘটনায় কতজন জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত