বাগেরহাটের মোল্লাহাটের পল্লীতে তুচ্ছ ঘটনায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে সোহাগ শেখ (৩২) নামে এক কৃষক নিহত হয়েছেন। রবিবার রাতে জেলার মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের সোলারচক গ্রামে এই হত্যাকা-ের ঘটনা ঘটে। সোমবার দুপুরে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতাল মর্গে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে পুলিশ এই ঘটনা জড়িতকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। নিহত সোহাগ শেখ মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের সোলারচক গ্রামের নুর ইসলাম শেখের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে মোল্লাহাট থানার ওসি কাজী রমজানুল হক এই প্রতিবেদককে বলেন, মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের সোলারচক গ্রামের সোহাগ শেখের ছেলের সঙ্গে তার চাচাতো ভাই ফেরদৌস শেখের ছেলের তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ হয়। সেই বিরোধ শুনতে গিয়ে সোহাগ ও ফেরদৌস কথাকাটাকাটিতে জড়িয়ে পড়ে। কথাকাটাকাটির এক পর্যায়ে ফেরদৌস ক্ষুব্ধ হয়ে ঘরে থাকা ছুরি দিয়ে চাচাতো ভাই সোহাগের বুকে আঘাত করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোহাগের মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে সোহাগের মরদেহ উদ্ধার করে। ফেরদৌস পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সোমবার দুপুরে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতাল মর্গে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এখনো মামলা হয়নি।