পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৭:১৬ এএম

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী খালপাড় গ্রামে পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘরের ওপর উল্টে পড়লে শামীমা আক্তার সেতু (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ সময় তার ছোট বোন মিতু খানম (১১) মারাত্মক আহত হয়।  গত রোববার দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলদী খালপাড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীমা আক্তার সেতু ও আহত মিতু খানম খালপাড় এলাকার হাফিজার মোল্যার মেয়ে। সেতু স্থানীয় নলদী বিবিএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং মিতু ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার রাতে পড়া শেষে খাবার খেয়ে দুই বোন ঘরে ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১২টার দিকে পাথরবোঝাই ট্রাকটি নলদী খালপাড় এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘরের ওপর উল্টে পড়ে। তখন ঘরেই ঘুমিয়ে ছিল দুই বোন। ঘুমন্ত অবস্থায় ট্রাকের চাপায় সেতু ও তার ছোট বোন মিতু গুরুতর আহত হয়। রাতেই পরিবারের লোকজন আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎক ডা. অলোক কুমার বাগচী বড় বোন সেতুকে মৃত ঘোষণা করেন। আহত মিতু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

লোহাগড়া থানাধীন নলদী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিচুজ্জামান বলেন, দুর্ঘটনার পরপর ট্রাক ফেলে চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত