প্রিয় দল ব্রাজিলের এমন আকস্মিক ও অপ্রত্যাশিত বিদায়ে বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের মতো বিষাদের ছায়া নেমে এসেছে দেশের শোবিজ অঙ্গনেও। তবে এই হারের বেদনা বুকে চেপেও ফুটবলের প্রতি অটুট ভালোবাসার নজির সৃষ্টি করলেন জনপ্রিয় সংগীতশিল্পী পড়শী। ব্রাজি বিদায় সহজে মেনে নিতে না পারলেও সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন এই গায়িকা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ব্রাজিলের প্রতি বিনম্র শ্রদ্ধা আর ফুটবলের দুই মহানায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির জন্য শুভকামনা জানিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে পড়শী লিখেছেন, ‘সবসময় ব্রাজিল। অসংখ্য আনন্দের মুহূর্ত উপহার দেওয়ার জন্য ধন্যবাদ, ব্রাজিল। রোনালদো ও মেসির জন্য শুভকামনা। ফুটবল আমাদের আরেকটা সুন্দর অধ্যায় উপহার দিক।’
পোস্টটি প্রকাশের পরপরই তা নজর কেড়েছে নেটিজেনদের। মন্তব্যের ঘরে ব্রাজিল সমর্থকরা যেমন তাদের বুকভাঙা হতাশার কথা শেয়ার করছেন, তেমনি অনেকে পড়শীর এই বার্তাকে দারুণ ‘স্পোর্টসম্যান স্পিরিট’ বা খেলোয়াড়সুলভ মানসিকতার এক অনন্য উদাহরণ হিসেবে দেখছেন। ভক্তদের অনেকেই মন্তব্য করেছেন, জয়-পরাজয় মাঠের খেলারই অংশ, কিন্তু ফুটবলের এই নিখাদ সৌন্দর্য আর ভালোবাসার কোনো শেষ নেই। প্রিয় দলের হারের পর পড়শীর এই ইতিবাচক ও পরিণত বার্তা যেন শোকার্ত ব্রাজিল ভক্তদের মনে কিছুটা হলেও সান্ত¡নার প্রলেপ দিয়েছে।