স্রোতে ভেসে যাওয়া ছেলেকে উদ্ধার করে ধীরে ধীরে ডুবে গেলেন বাবা

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৭:৩২ পিএম

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফফর ইউনিয়নের বানিয়াগাতি গ্রামে ছেলে সায়েমকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে বাবা আব্দুস সালাম (৫৫) মারা গিয়েছেন। নিহত আব্দুস সালাম ঐ গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। সোমবার (৬ জুলাই) বিকেলের দিকে স্থানীয় বানিয়াগাতি বিলে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলের দিকে ছেলেকে নিয়ে আব্দুস সালাম স্থানীয় বানিয়াগাতি বিলে পাটের জাগ দিতে যান।

এরই মধ্যে ছেলে সায়েম জাগ থেকে পড়ে পানির স্রোতে ভেসে যাচ্ছে দেখে ছেলেকে উদ্ধার করে জাগের ওপর বসিয়ে ধীরে ধীরে বাবা আব্দুস সালাম পানিতে ডুবে যান। এ যেন টাইটেনিক সিনেমার জ্যাক-রোজ এর হৃদয় বিদারক সেই দৃশ্যের পুনরাবৃত্তি। যেখানে রোজকে একটি পাটাতনে তুলে দিয়ে জ্যাক ধীরে ধীরে অতল সমুদ্রে তলিয়ে যান।

বাবাকে পানিতে ডুবে যেতে দেখে চিৎকার করতে থাকলে এলাকার লোকজন তাকে পানি থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাতে তাকে মৃত ঘোষণা করেন। তবে ছেলে সায়েম সুস্থ আছেন।

মোজাফরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির আলম ভুঁইয়া ঘটনাটি নিশ্চিত করে বলেন, ছেলেকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে বাবা মারা যাওয়ার বিষয়টি খুবই মর্মান্তিক। 

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ছেলেকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে বাবা মারা যাওয়ার বিষয়টি আমাদের কেউ অবহিত করেনি। তবে আমরা আপনার মাধ্যমে জানতে পেরে খোঁজ নিয়ে জানতে পেরেছি আজ সকালের দিকে পরিবারের লোকজন ও আত্নীয় স্বজন মিলে তাকে দাফন দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত