রেসিপি দিয়েছেন সাহিদা আফরোজ এ্যানি
ভুনা খিচুড়ি
উপকরণ
পোলাওয়ের চাল ৩ কাপ, মুগ ডাল ১ কাপ, তেল আধা কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, দারচিনি ২ টুকরা, এলাচ ৪টি, তেঁজপাতা ২টি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, কাঁচা মরিচ ৮টি, লবণ দেড় চা চামচ।
যেভাবে তৈরি করবেন
প্রথমে মুগ ডাল হাল্কা ভেজে চাল ও ডাল একসঙ্গে ধুয়ে ১৫ মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিন। এরপর চুলায় হাঁড়ি বসিয়ে তেল দিয়ে গরম হলে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে সামান্য ভেজে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ একটু ভেজে এরমধ্যে আদা, রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিন। গুঁড়া মসলা, লবণ আর পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে চাল ও ডাল দিয়ে ৩ মিনিট কষিয়ে পানি দিয়ে দিন। পানি চাল ও ডালের পরিমাণের দ্বিগুণের একটু কম হবে। পানিটা ফুটে যখন চাল-ডালের সমান হবে তখন ৭টি কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিতে হবে এবং চুলার আঁচ কমিয়ে দমে রাখতে হবে। এভাবে ২০ মিনিটের মধ্যে ঢাকনা ওঠানো যাবে না। তৈরি হয়ে গেল ঝরঝরে ভুনা খিচুড়ি।
সাদা খিচুড়ি
উপকরণ
পোলাওয়ের চাল ৩ কাপ, মুগ ডাল ১ কাপ, তেল সিকি কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, দারচিনি ২ টুকরা, এলাচ ২টি, তেজপাতা ১টি, আদা বাটা দেড় চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, কাঁচা মরিচ ৪টি, লবণ ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
মুগ ডাল হাল্কা ভেজে চাল ও ডাল একসঙ্গে ধুয়ে পানি ঝরিয়ে নিন। কড়াইতে তেল গরম করে গরম মসলা ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিয়ে চাল ও ডাল দিয়ে দিন। সামান্য ভেজে এর সঙ্গে আদা, রসুন বাটা ও লবণ দিয়ে ৩ মিনিট ভাজুন। এরপর পরিমাণ মতো পানি দিয়ে বলক এলে ৪টি কাঁচা মরিচ দিয়ে চুলার আঁচ কমিয়ে দমে রাখুন ২০ মিনিট। তৈরি হয়ে গেল ঝরঝরে ‘সাদা খিচুড়ি’।
ল্যাটকা খিচুড়ি
উপকরণ
নাজিরশাইল চাল ২ কাপ, মসুর ডাল দেড় কাপ, মুগ ডাল দেড় কাপ, বুটের ডাল দেড় কাপ, মিষ্টি কুমড়ার টুকরা ১ কাপ, আলু ১টি টুকরা করা, টমেটো ৩টি টুকরা করা, পেঁয়াজ কুচি ৫টি কুচি করা, দারচিনি ২ টুকরা, এলাচ ৪টি, তেজপাতা ২টি, আদা-রসুন বাটা দেড় টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, কাঁচা মরিচ ৮টি, লবণ ১ চা চামচ, পানি আড়াই লিটার।
বাগারের জন্য : পেঁয়াজ ২টি কুচি করা, রসুনের কুচি ৫ কোয়া, শুকনা মরিচ ৫টি।
যেভাবে তৈরি করবেন
হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চাল-ডালসহ সব উপকরণ (বাগারের জন্য যেগুলো সেগুলো বাদে) একবারেই চুলায় মাঝারি আঁচে বসিয়ে দিতে দিন। ১৫ মিনিট পর চুলার আঁচ কমিয়ে দিন এবং ঘনঘন নাড়ুন। নাড়তে নাড়তে যখন দেখা যাবে যে খিচুড়ি ফুটে উঠে ছিটে আসছে তখন বুঝতে হবে যে রান্না হয়ে গেছে। অন্য একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, রসুন এবং শুকনা মরিচ ভেজে খিচুড়িতে ফোড়ন দিন। তৈরি হয়ে গেল ল্যাটকা খিচুড়ি।