পানির বোতল  ও পানি পান

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৭:৩১ এএম

বোতলে পানি পান করছেন? সেটা স্বাস্থ্যকর তো? বাজারে কোন ধরনের বোতল আছে এবং কী রকম। এমন নানা প্রশ্নের উত্তর জানিয়েছেন রানা আহমেদ

নিউ মার্কেটের চন্দ্রিমা সুপার মার্কেটের নিচতলার সাগর এন্টারপ্রাইজের মালিক মো. সাগর জানান, বাজারে প্লাস্টিক, কাঁচ, অ্যালুমিনিয়াম ও ধাতবের পানির বোতল পাবেন অধিকাংশ দোকানে। এর মধ্যে সবসময় বহন করার জন্য আছে প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের বোতলের চাহিদাই বেশি। অন্যদিকে বাড়িতে পানি পানের জন্য ব্যবহার করতে পারেন কাচ ও ধাতব পানির বোতল। নানা রঙ ও আকৃতির বোতল পাওয়া যায়। শিশুর জন্য আছে কার্টুনের ছবিসহ বোতল। নানা রকম নকশা আঁকা পানির বোতলও ভালো চলছে। 

স্টেইনলেস স্টিল : স্টেইনলেস স্টিলের বোতল কিছুটা ভারী মনে হতে পারে, কিন্তু এরা প্রতিক্রিয়াশীল নয়। তাই এ ধরনের বোতল গরম আবহাওয়ায় বা গরম তরল নিলেও তা থেকে কোনো রাসায়নিক উপাদান পানিতে মিশে না।

কাচ : কাচের তৈরি পানির বোতলগুলো একটু ভারী। কিন্তু ব্যবহারের জন্য নিরাপদ। এ ধরনের বোতলে কোনো ধাতব উপাদান থাকে না তাই পানি বিষাক্ত হওয়ার  আশঙ্কা নেই। তা ছাড়া এই বোতল পরিবেশবান্ধব এবং বারবার ব্যবহার করা যায়। পানির স্বাদও ঠিক থাকে। অসুবিধা একটাই, বোতল ভঙ্গুর হয় এবং খুব গরম বা ঠান্ডা পানি রাখা যায় না।

অ্যালুমিনিয়াম : হালকা ও টেকসই হওয়ায় অ্যালুমিনিয়ামের বোতল হতে পারে চমৎকার পছন্দ। এরা বিপিএ মুক্ত, তাই ব্যবহার নিরাপদ। এই বোতল ব্যবহারের অসুবিধা হচ্ছে একবার হাত থেকে পড়লে টোল পড়ে। এ ছাড়াও কিছু অ্যালুমিনিয়ামের বোতলে অ্যানামেলের প্রলেপ দেওয়া থাকে, যা নিরাপদ ভাবা হয় না। তাই কেনার সময় নিশ্চিত হয়ে নিন বোতলটিতে এ ধরনের প্রলেপ আছে কিনা।

পলিকার্বোনেটে : পলিকার্বোনেটেড বোতল তাপে ক্ষয় হয় না, তাই এ ধরনের বোতল ব্যবহার করা নিরাপদ। মাইক্রোওয়েভ-সেফ প্লাস্টিক এবং এতে থ্যালেট থাকে না বলে এর ব্যবহার নিরাপদ।

প্লাস্টিকের বোতলের বিসফেনল এন্ডোক্রাইন সিস্টেম, ইমিউন সিস্টেম, স্নায়বিক, প্রজননগত ও বৃদ্ধিগত বিষয়ের সঙ্গে আপস করে। তাই এই উপাদানটি শরীরে প্রবেশ করলে ডায়াবেটিস, স্থূলতা ও ক্যানসার ঝুঁকির আশঙ্কা থাকে। তাই প্লাস্টিকের পানির বোতলের পরিবর্তে স্টেইনলেস স্টিল, গ্লাস,পলিকার্বোনেটেড, অ্যালুমিনিয়াম বা বিপিএমুক্ত প্লাস্টিকের পানির বোতল ব্যবহার করতে পারেন। যে বোতলে কোনো ধরনের রাসায়নিক প্রলেপ দেওয়া নেই। অধিকাংশ প্লাস্টিকের বোতলের গায়ে নকশা থাকে। আর ধাতব বা অ্যালুমিনিয়ামের বোতলের গায়ে অনেকে নিজের পছন্দমতো ছবি বা নকশা করে নেন। কিছু বোতলের ভেতরেই ‘স্ট্র’ যুক্ত করা থাকে। বেশিক্ষণ পানি ঠান্ডা রাখার সুবিধাও আছে অনেক বোতলে।

দরদাম : প্লাস্টিকের বোতলের দাম পড়বে ১০০ থেকে ৩৫০ টাকা। কাচের বোতলের দাম পড়বে ২০০ থেকে ৫০০ টাকা। ধাতব বোতল কিনতে পারবেন ২৫০ থেকে ৭০০ টাকায়। চন্দ্রিমা সুপার মার্কেটের  দোকানগুলোতে নানা ব্র্যান্ডের বোতলও পাবেন। এ ছাড়া বিভিন্ন ফুটপাতে পানির বোতল কিনতে পারবেন ৬০ থেকে ১০০ টাকার মধ্যে।

কোথায় পাবেন : পানির বোতল দোকান ও দোকানের বাইরের ফুটপাত দুই জায়গাতেই পাবেন। তবে বসুন্ধরা শপিং কমপ্লেক্স, সীমান্ত স্কয়ার, গাউছিয়া, চাঁদনী চক, নিউ মার্কেট, গুলশান ডিসিসি মার্কেট, মীনা বাজার, স্বপ্ন লাইফসহ সব শপিং কমপ্লেক্সের কোকারিজের দোকানগুলোতে পানির বোতল খুঁজে পাবেন। এ ছাড়া বিভিন্ন এলাকার ফুটপাতেও পানির বোতল পাওয়া যায়।

জেনে রাখুন : নিয়মিত বোতল পরিষ্কার করুন। বোতলের মধ্যে পানি দীর্ঘ সময় ধরে রেখে দেবেন না। বোতলের রঙ যদি পরিবর্তন হয় তাহলে বাতিল করে দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত