পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) প্রায় ৭৭৫ কোটি টাকা সংগ্রহে রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল মঙ্গলবার (৭ জুলাই) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০১৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ১০ টাকা অভিহিত মূল্যের ৭৭ কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৯৪৯টি সাধারণ শেয়ার রাইটস শেয়ার হিসেবে ইস্যু করবে। প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। বিদ্যমান শেয়ারহোল্ডাররা প্রতি দুটি বিদ্যমান শেয়ারের বিপরীতে একটি রাইটস শেয়ার (১:২ অনুপাতে) কেনার সুযোগ পাবেন। এর মাধ্যমে ব্যাংকটি মোট ৭৭৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৪৯০ টাকা সংগ্রহ করবে। বিএসইসি জানিয়েছে, রাইটস শেয়ার ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ ইউসিবি ব্যাংক তাদের নিয়মিত ব্যাংকিং ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় ব্যবহার করবে।