টেকনাফে উপকূলে ভেসে এল ৩ অর্ধগলিত মরদেহ

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৪:২৫ পিএম

কক্সবাজারের টেকনাফ উপকূল, সেন্টমার্টিন দ্বীপ ও শাহপরীরদ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে তিনটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। টেকনাফের পৃথক তিনটি এলাকা থেকে বুধবার (৮ জুলাই) মরদেহগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, বুধবার দুপুর ও বিকেলের দিকে খবর পেয়ে পুলিশ টেকনাফের সেন্টমার্টিন, শাহপরীর দ্বীপ ও রাজারছড়া উপকূলীয় এলাকা থেকে তিনটি মরদেহ উদ্ধার করে। মরদেহগুলো দীর্ঘদিন সাগরে ভেসে থাকায় চরমভাবে বিকৃত হয়ে পড়েছে। ফলে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় বা জাতীয়তা শনাক্ত করা সম্ভব হয়নি।

মিয়ানমার সংঘাতের যোগসূত্র উল্লেখ করে ওসি বলেন, পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে দীর্ঘদিন ধরে জান্তা বাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র সংঘাত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই মরদেহগুলো মিয়ানমারের চলমান সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিদের হতে পারে। সেখানে সংঘর্ষে নিহত হওয়ার পর স্রোতের টানে মরদেহগুলো বাংলাদেশের জলসীমায় ভেসে এসেছে।

উদ্ধার হওয়া মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিচয় নিশ্চিত করতে ডিএনএ নমুনা সংগ্রহের পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এঘটনায় টেকনাফ মডেল থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা  প্রস্তুতি চলছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত