বাংলাদেশে বর্তমানে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বিরাজ করায় এখন ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগের উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। বৃহস্পতিবার (৯ জুলাই) ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ কনফারেন্স হলে অনুষ্ঠিত ইতালিয়ান টেক্সটাইল মেশিনারিজ ও প্রযুক্তি কোম্পানিগুলোর সাথে বি-টু-বি ওয়ার্কশপ এ রাষ্ট্রদূত এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন-ইতালির সাথে বাংলাদেশের রয়েছে ২ বিলিয়ন ইউরোর বেশি বাণিজ্য। এর মধ্যে ইতালি বাংলাদেশ থেকে প্রায় ১.৬ বিলিয়ন ইউরো আমদানি করে থাকে। তিনি বাংলাদেশের তৈরিপোশাক খাতে পণ্য বৈচিত্র্যকরণ ও গুণগত মানোন্নয়ন নিশ্চিত করতে ইতালিয়ান কোম্পানিগুলো মেশিনারিজ ও প্রযুক্তিগত প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করেন। একই সাথে তিনি চট্টগ্রামের ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে ইতালিয়ান এবং বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সংযোগ বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।
ওয়ার্কশপে চেম্বার সভাপতি মো. আমিরুল হক বলেন- চট্টগ্রাম দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাবে পরিণত হচ্ছে। কর্ণফুলী নদীর পাড়ে গড়ে উঠছে চায়না অর্থনৈতিক জোন ও ফ্রি ট্রেড জোন, মাতারবাড়িতেও হচ্ছে আরও একটি ফ্রি ট্রেড জোন। এছাড়া চীন সরকারের সঙ্গে চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর স্থাপনের বিষয়ে আলোচনা চলছে। এ সকল উদ্যোগ বাস্তবায়িত হলে আঞ্চলিক সংযোগ, বাণিজ্য, বিনিয়োগ এবং শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা চট্টগ্রামকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য ও লজিস্টিক্স হাবে পরিণত করবে। চট্টগ্রামের এসব সুবিধাদি কাজে লাগিয়ে ইতালিয়ান কোম্পানীগুলোকে বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক অংশীদার হওয়ার আহ্বান জানান।
ইতালির অনারারী কনসাল মির্জা সালমান ইস্পাহানী ওয়ার্কশপে বলেন- টেক্সটাইল খাতে ইতালিয়ান মেশিনারিজ এর প্রচুর চাহিদা রয়েছে। এ ধরণের বি-টু-বি আলোচনার মাধ্যমে ব্যবসায়ীরা তাদের প্রয়োজনীয় প্রযুক্তিগত জ্ঞান বিনিময় করতে পারবে।
ওয়ার্কশপে ইতালিয়ান ট্রেড এজেন্সি’র প্রতিনিধি আন্তোনিয়েত্তা বাক্কানারি ও সিনজিয়া ক্যাম্পানিলে, চিটাগাং চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি এম. এ. ছালাম, সাবেক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, সাবেক পরিচালক এস. এম. আবু তৈয়ব ও এম মহিউদ্দিন চৌধুরী, বিকেএমইএ’র পরিচালক আহমেদ নূর ফয়সাল, বিটিএমইএ’র মির্জা আহমেদ ইস্পাহানী, বাংলাদেশ শিপ ব্রেকার্স এন্ড রিসাইক্লিং এসোসিয়েশন’র সভাপতি মোহাম্মদ মহসিনসহ ইতালি এবং বাংলাদেশের বিভিন্ন টেক্সটাইল সেক্টরের প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। ওয়ার্কশপে ইতালিয়ান বিভিন্ন মেশিনারিজ কোম্পানী তথ্যচিত্রের মাধ্যমে তাদের প্রতিষ্ঠানকে তুলে ধরেন।