স্থানীয় সরকার নির্বাচনের ভোটকেন্দ্র ব্যবস্থাপনায় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নীতিমালায় প্রতিটি ভোটকক্ষে ভোটারের সংখ্যা ৫০ ভাগ বাড়ানো হয়েছে। ফলে এখন প্রতি ৬০০ জন পুরুষ ভোটারের জন্য একটি ভোটকক্ষ নির্ধারণ করা হবে। আগে এ সংখ্যা ছিল ৪০০ জন। নারী ভোটারের ক্ষেত্রে ৩০০-৩৫০ জনের পরিবর্তে এখন ৫০০ জনের জন্য একটি ভোটকক্ষ রাখা হবে।
গতকাল সংশোধিত ভোটকেন্দ্র নীতিমালা জারি করা হয়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী এখন সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকক্ষ নির্ধারণ করা হবে। সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি আলোচনায় এসেছে। যদিও নির্বাচন কবে হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময় সরকার বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি।
ইসির হিসাব অনুযায়ী, কোনো কেন্দ্রে শতভাগ ভোটার উপস্থিত হলে পুরুষ ভোটার ভোট দেওয়ার জন্য গড়ে ৪৮ সেকেন্ড এবং নারী ভোটার ৫৮ সেকেন্ড সময় পাবেন।