নতুন গল্পে ফিরছে ‘ফ্রি উইলি’

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০১:৫৪ পিএম

নব্বইয়ের দশকের জনপ্রিয় ক্লাসিক পারিবারিক অ্যাডভেঞ্চার চলচ্চিত্র ‘ফ্রি উইলি’ নতুন আঙ্গিকে আবারও বড় পর্দায় ফিরতে চলেছে। সিনেমাটির মূল ভাবনা ঠিক রেখে বর্তমান প্রজন্মের দর্শকদের জন্য গল্পটিকে আধুনিক রূপে তৈরি করা হচ্ছে।

জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিটির নতুন সংস্করণের চিত্রনাট্য লিখছেন মেরি-মার্গারেট কুঞ্জ ও জেড হ্যালি বার্টলেট। চলচ্চিত্র নির্মাতা অ্যান্থনি ও জো রুসোর সহ-প্রতিষ্ঠিত একটি বিখ্যাত প্রোডাকশন কম্পানি এই সিনেমাটি প্রযোজনা করছে। আর পুরো প্রজেক্টটির তত্ত্বাবধানে রয়েছে ওয়ার্নার ব্রাদার্স।
১৯৯৩ সালে মুক্তি পাওয়া প্রথম ‘ফ্রি উইলি’ চলচ্চিত্রটি বিশ্বজুড়ে দারুণ আলোড়ন সৃষ্টি করেছিল।

এটি ছিল এক অনাথ বালকের সাথে বন্দি একটি অর্কার (কিলার হোয়েল) বন্ধুত্বের গল্প। অর্কা হলো ডলফিন পরিবারের বৃহত্তম প্রজাতির প্রাণী। মাত্র ২০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি সিনেমাটি সে সময় বিশ্বব্যাপী ১৫৩.৭ মিলিয়ন ডলার আয় করে বক্স অফিসে ব্যাপক ঝড় তোলে। সিনেমার আইকনিক থিম সংটি বিলবোর্ড হট ১০০-এর শীর্ষ দশে স্থান করে নেওয়ার পাশাপাশি প্ল্যাটিনাম মর্যাদাও পেয়েছিল। 

কেইকো নামের একটি অর্কা অভিনীত এই সিনেমাটি কেবল ব্যবসাই করেনি, বরং জলজ প্রাণীদের বন্দিদশা নিয়ে বিশ্বজুড়ে সচেতনতা তৈরিতেও বড় ভূমিকা রেখেছিল।

নতুন এই রিবুট সংস্করণের জন্য বেছে নেওয়া হয়েছে মেরি-মার্গারেট কুঞ্জ এবং জেড হ্যালি বার্টলেটকে, যারা ‘মিলার'স গার্ল’ ও ‘আইসব্রেকার’-এর মতো ছবিতে কাজ করে ইতিমধ্যে পরিচিতি পেয়েছেন। ওয়ার্নার ব্রাদার্স-এর পক্ষ থেকে জেসি এহরম্যান ও কেট অ্যাডামস এই পুরো প্রজেক্টটি দেখাশোনা করছেন। নির্মাতাদের আশা, পুরনো আবেগ আর আধুনিক নির্মাণশৈলীর মিশেলে নতুন ‘ফ্রি উইলি’ বর্তমান সময়ের দর্শকদের মনেও আগের মতোই জায়গা করে নিতে পারবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত